ঢাকা ব্যাংকের এমডিকে ৬ ঘণ্টা দুদকে জিজ্ঞাসাবাদ
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানকে টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‘ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া, ঋণ কেলেঙ্কারিসহ অনিয়ম-দুর্নীতির’ অভিযোগে বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
দায়িত্বপ্রাপ্ত অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে ৩০ অক্টোবর সৈয়দ মাহবুবুর রহমানকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিস দিয়েছিল দুদক।
সেখানে বলা হয়, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, ঘুষগ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি খোলাসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারসহ অপরাধের’ অভিযোগ রয়েছে।
দুদক কর্মকর্তা আবুবকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এসব অভিযোগের অনুসন্ধান করছে।
