২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে তিন সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

দিনাজপুর, খুলনা ও চট্টগ্রামে তিন সরকারি কর্মকর্তাকে ‘ঘুষ নেওয়ার সময় হাতেনাতে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2019, 09:58 PM

Updated : 18 Aug 2022, 06:02 PM

মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, চট্টগামের কর অঞ্চল-২ এর পরিদর্শক মো. রেজাউল করিম বেগকে ২০ হাজার টাকা ঘুষসহ গ্রেপ্তার করা হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর চন্দনের নেতৃত্বে একটি দল আগ্রাবাদে রেজাউল করিমের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে দুদকের স্থানীয় কার্যালয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে।

খুলনার খালিশপুর জুট মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. মোস্তফা কামলাকে ১০ হাজার টাকা ঘুষসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছেন প্রনব।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়ার নেতৃত্বে একটি দল মোস্তফাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দুদকের স্থানীয় কার্যালয়ে একটি মামলা করা হয়েছে।

আর ২০ হাজার টাকা ‘ঘুষসহ’ দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার মো. আল-আমিনকে গ্রেপ্তার করেছে দুদক।

দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কাযালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়েও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন প্রনব।