সামাজিক দায়বদ্ধতায় বিমা কোম্পানিগুলোকে নজর দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিকেও নজর দিতে বিমা কোম্পানির মালিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৫তম আন্তর্জাতিক ক্ষুদ্রবিমা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিমা কোম্পানির মালিকদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে শুধু মুনাফা অর্জনের দিকে না তাকিয়ে সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে সেদিকে একটু বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন। এটাই আমরা চাই।”
বিমাশিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগানো একান্তভাবে অপরিহার্য মন্তব্য করে তিনি উৎপাদন এবং অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে কোম্পানিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের কথাও বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময় আলফা ইন্সুইরেন্স কোম্পানিতে চাকরি নিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সেই সুবাদে আমি বলব আমিও এই পরিবারেরই একজন সদস্য।”
স্বাধীনতার পর সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে জাতির পিতা বিমাশিল্পের উন্নয়নে ১৯৭৩ সালে দেশের একমাত্র অ্যাকচুয়ারি শাফাত আহমেদ চৌধুরীকে লন্ডন থেকে দেশে ডেকে আনেন এবং কন্ট্রোলার অব ইন্সুরেন্স পদে নিয়োগ দেন বলেও জানান তিনি।
দেশের মানুষের বিমা করার অভ্যাস কম মন্তব্য করে তিনি বলেন, “এটা হল বাস্তবতা। এমনকি আমিও এক সময় জীবন বীমা করে.. তারপর সেই কাগজটা সেটা যে কোথায় হারাল তা আর খুঁজে পাইনা।”
বিমার গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা মনে করি ঝুঁকি কমিয়ে আর্থিক নিশ্চয়তা প্রদান বিমা করে থাকে। জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে নিরাপত্তা দেয় বিমা। পাশাপাশি দেশের পুঁজিবাজার ও বিনিয়োগ খাতের জন্য তহবিল সৃষ্টিতেও সহায়তা করে। ধনী, দরিদ্র নির্বিশেষে সবার জন্য মূলত বিমাটা প্রয়োজন।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিমার গুরুত্ব বিবেচনা করে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য বিমা প্রবর্তনের লক্ষ্যে প্রবাসীকর্মী বিমা নীতিমালা জারি করা হয়েছে। এতে প্রায় ১২ মিলিয়ন কর্মীর বিমা ঝুঁকি গ্রহণ সম্ভব হবে। এ বিমার আওতায় একজন প্রবাসী কর্মী সর্বোচ্চ ৫ লাখ টাকার বিমা সুবিধা পাবেন।
পিতা-মাতার অবর্তমানে স্কুলগামী শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ প্রবর্তনের কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমা দাবি নিষ্পত্তি সমস্যা থেকে এ শিল্পকে রক্ষার পাশাপাশি গ্রাহকদের স্বার্থ সুরক্ষার জন্য গ্রহণ করা বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
গত দুই বছরে প্রায় আট হাজার কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করা হয়েছে। কর্তৃপক্ষের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকায় দাবি নিষ্পত্তির হার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলেও জানান তিনি।
টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশের মানুষ ধীরে ধীরে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসছে। আমরা ইতিমধ্যে যে দারিদ্র্যের হার ৪১ ভাগ ছিল সেটাকে কমিয়ে ২১ ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য এটা আরও কমিয়ে ১৬/১৭ ভাগে নামিয়ে আনব।”
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের নেওয়া উদ্যোগের পাশাপাশি বিমা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো.আসাদুল ইসলাম, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
