২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন নুসরাতের দুই বন্ধু

নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিলেন ফেনীর সোনাগাজীর এই মাদ্রাসাছাত্রীর দুই বন্ধু।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2019, 01:13 AM

Updated : 18 Aug 2022, 06:02 PM

নুসরাতের দুই বান্ধবী নাসরিন সুলতানা ফুর্তি ও নিশাত সুলতানা সোমবার ঢাকার সাইবার ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত তলব করা সাক্ষী হিসাবে জবানবন্দি দেন।

তারা বলেন, নুসরাতের সঙ্গে তাদেরও নেকাব খুলে বক্তব্য রেকর্ড করেন ওসি মোয়াজ্জেম। ভিডিওটি তিনি রেকর্ড করেন মামলার জন্য প্রয়োজনের কথা বলে।

গত মার্চ মাসের শেষে নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে তার মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে মামলার পর সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম নির্যাতিত নুসরাতের জবানবন্দি নিয়েছিলেন।

এরপর সিরাজের নির্দেশে তার অনুগামী শিক্ষার্থী ও স্থানীয় প্রভাবশালী কয়েকজন নুসরাতের গায়ে আগুন দিলে তা নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। পরে তার মৃত্যু হয়।

এই ঘটনা ঠেকাতে পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ওঠার মধ্যে নুসরাতের জবানবন্দির ওই ভিডিও ছড়ায়। তখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

নুসরাত হত্যার মামলায় ফেনীর আদালত ইতোমধ্যে রায় দিয়েছে, তাতে অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটিতে গত ১৭ জুলাই বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার করছেন।

গত ৩০ অক্টোবর নুসরাতের দুই বন্ধুসহ তিনজনের সাক্ষ্য নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তার পরিপ্রেক্ষিতে নাসরিন ও নিশাত সাক্ষ্য দিতে ঢাকায় আসেন।

সোমবার তাদের পাশাপাশি সিআইডির ফরেনসিক কর্মকর্তার সাক্ষ্যও নেওয়া হয়। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামি ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ।

এ নিয়ে এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ হল। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রীমা সুলতানার সাক্ষ্যের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছেন বিচারক।

মামলার আসিাম ওসি মোয়াজ্জেম গত ১৬ জুন গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।