রিমান্ড শেষে কারাগারে কাউন্সিলর রাজিব
অস্ত্র ও মাদক আইনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে সোমবার রাজিবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক।
বহিষ্কৃত যুবলীগ নেতা রাজিবের পক্ষে মেজবা উদ্দিনসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই লিয়াকত আলী জামিনের বিরোধিতা করেন।
২১ অক্টোবর এ দুই মামলায় রাজিবের সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারক।
তার দুদিন আগে রাজধানীর বসুন্ধরার একটি বাড়ি থেকে ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করেন র্যাব কর্মকর্তা ডিএডি মিজানুর রহমান।
