নিষিদ্ধ হচ্ছে জঙ্গি সংগঠন ‘আল্লার দল’: স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গি মতাদর্শ প্রচারে নামার তথ্য পাওয়ায় কালো তালিকাভুক্ত সংগঠন আল্লার দলকে শিগগির নিষিদ্ধ করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।
রোববার দুপুরে সচিবালয় প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি এতথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গি সংগঠন সব সময় আমরা নিষিদ্ধ করে আসছি। এখন অতি সম্প্রতি যেটা নিষিদ্ধ হতে যাচ্ছে তার নাম ‘আল্লার দল’।
“এরকম কিছু আমাদের কাছে তথ্য আসছে যে, তারা আল্লার দল বলে প্রচার প্রচারণা করছে। লিফটলেট ছেড়েছে, সেজন্য এই নিষিদ্ধের কথা আসছে।”
সাগর-রুনি হত্যার তদন্ত
আট বছর আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্ত করছে র্যাব। র্যাবের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। র্যাব একটা নির্দিষ্ট দিকে… একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য এগিয়ে চলছে।
“আমরা মনে করি, তারা (র্যাব) একটা ফাইনাল স্টেজের দিকে যাচ্ছে।”
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনি। দুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই রাতে তারা ছাড়া ঘরে ছিল তাদের একমাত্র শিশুসন্তান।
ওই ঘটনায় রুনির ভাই মো. নওশের আলম রোমানের করা মামলাটি প্রথমে তদন্ত করেন শেরেবাংলা নগর থানার এসআই জহুরুল ইসলাম।
পুলিশ ও র্যাবের ছয় কর্মকর্তার হাত ঘুরে এখন তদন্তভার আছে র্যাবের সহকারী পরিচালক মহিউদ্দিনের কাছে। তাকে সম্প্রতি তলবও করেছে পুলিশ।
ফেইসবুকে অপপ্রচার, গুজব
ফেইসবুকে অপপ্রচারকারীদের ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ফেইসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে যারা অপপ্রচার করছে তাদের সবাই শনাক্ত করা হয়েছে।
“এটুকুই বলব, হয়তো দুই দিন সময় বেশি লাগছে কিন্তু আমরা শনাক্ত করছি। বিচারের মুখোমুখি তাদের আমরা করব।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা ফেইসবুক ব্যবহার করেন। তারা একটু সাবধানতা অবলম্বন করে যেগুলো সত্যিকারের ঘটনা, সেগুলোর তথ্য রয়েছে সেগুলো প্রকাশ করুন। অন্য কিছু প্রকাশ করবেন না।”
ফেইসবুকের মাধ্যমে নিজের বিভ্রান্ত হওয়ার উদাহরণ দিয়ে বলেন, “ভোলায় একজনকে পেটানো হচ্ছে- এমন একটি ভিডিও দেখে যোগাযোগ করা হলে আমাকে জানানো হয় ঘটনা দুই বছর আগের ঘটনা।
“উল্লেখ করা উচিত ছিল যে ঘটনাটি অমুক সময়ের অমুক দিনের। তাহলে জনগণের একটি আস্থা থাকতো যে, ফেইসবুকে যে তথ্য দিচ্ছে তা সঠিক দিয়েছে।“
বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সংগঠনের সভাপতি তপন বিশ্বাস সংলাপে উপস্থিত ছিলেন।
