২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে জোড়া খুন: অজ্ঞাতপরিচয় নারীর বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমণ্ডির বাসায় এক বৃদ্ধা ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীকে আসামি করে ধানমণ্ডি থানায় মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 02:10 PM

Updated : 18 Aug 2022, 06:01 PM

নিহত আফরোজা বেগমের (৬৫) মেয়ে অ্যাডভোকেট দিলরুবা সুলতানা রুবা বাদি হয়ে রোববার মামলা করেন বলে ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ওই বাড়ির নিরাপত্তাকর্মী নুরুজ্জামান এবং দিলরুবার স্বামী গার্মেন্ট ব্যবসায়ী কাজী মনির উদ্দিন তারিমের কর্মচারী বাচ্চুকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

“তারা দুইজন এখন পুলিশ হেফাজতে রয়েছে।”

ওসি লতিফ জানান, তারা এখনও অজ্ঞাতপরিচয় সেই নারীর সন্ধান পাননি। গোয়েন্দা পুলিশও এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে।

Image
নিহত আফরোজা বেগম

নিহত আফরোজা বেগম

Image
২০১৯ সালের ১ নভেম্বর রাতে এই বাড়ির পঞ্চম তলায় ঘটে সেই জোড়া খুন

২০১৯ সালের ১ নভেম্বর রাতে এই বাড়ির পঞ্চম তলায় ঘটে সেই জোড়া খুন

শুক্রবার রাতে ধানমণ্ডির ২৮ নম্বর (নতুন ১৫) রোডের এক ভবনের পঞ্চম তলা থেকে টিমটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী মনির উদ্দিনের শাশুড়ি আফরোজা ও গৃহকর্মী বিথীর (১৮) লাশ উদ্ধার করা হয়।

দুজনকেই গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকও বলেছেন, ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়।

পাঁচতলার ওই ফ্ল্যাটে আফরোজা বেগম ও গৃহকর্মী বিথী থাকতেন, উল্টো দিকের ফ্ল্যাট এবং তার ঠিক উপরে ছয়তলার ফ্ল্যাট নিয়ে ডুপ্লেক্সে বাসায় স্বামী-সন্তান নিয়ে থাকেন আফরোজার মেয়ে দিলরুবা।

রুবার স্বামী মনির উদ্দিন তারিম বলেছিলেন, শুক্রবার ওই বাসায় নতুন এক গৃহকর্মী কাজে এসেছিল। নিরাপত্তাকর্মী বা কর্মচারীদের যোগসাজশে ওই ‘কাজের বুয়াই’ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার সন্দেহ।

পুরনো খবর:

ধানমণ্ডিতে জোড়া খুন: ওই নারী গৃহকর্মী কি না সন্দেহে পুলিশ