ইলিশ রক্ষায় নৌ পুলিশের টানা ৪০ ঘণ্টার অভিযান
নৌ পুলিশ দেশের ৫৪টি থানা-ফাঁড়ি এলাকায় সর্বশেষ গত চল্লিশ ঘণ্টায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ১৩৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রায় চার হাজার কেজি ইলিশ মাছ জব্দ করেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত চাঁদপুর, কিশোরগঞ্জ, খুলনা, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, চট্রগ্রাম এলাকার নদীগুলোতে এই অভিযান চালানো হয় বলে নৌ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ৪০ ঘণ্টায় প্রায় সোয়া কোটি মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া ৭৯টি নৌকা জব্দ করে ৭৬টি ভেঙে ডুবিয়ে দেওয়া হয়। পাঁচটি ট্রলার জব্দ করে ধ্বংস করা হয়। একই সাথে দুটি বাল্কহেড জব্দ করে জরিমানা করা হয়।
“এ সময় মোট ১৩৮ জন জেলেকে বিাভন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২৯ জন জেলেকে প্রায় সাত লাখ টাকা জরিমানা করা হয়।”
জব্দ করা ইলিশ গরিব ও এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলা ইলিশ সংরক্ষণের অভিযানে ৪৫ হাজার ৬১৫ কেজি মাছ জব্দ, সাড়ে ১৪ কোটি মিটার জাল জব্দ, প্রায় আড়াই হাজার জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা, ৮৩৯ জন জেলের কাছ থেকে সাড়ে ৪৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ৫১৬টি নৌকা ভেঙে ডুবিয়ে দেওয়া, ৩১টি ট্রলার ধ্বংস এবং ৫১টি বাল্কহেড থেকে দশ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
