২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপনগর থেকে গ্রেপ্তার দুই জঙ্গি রিমান্ডে

রাজধানীর মিরপুরের রূপনগর থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির দুই সদস্যকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 11:12 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

শাহজালাল (৩০) ও শামীম (২৮) নামের ওই দুইজনকে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে রূপনগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

শুনানি শেষে মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী দুই জনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই রণপ কুমার ভক্ত জানান।

শাহজালালের বাড়ি বরিশলের বাকেরগঞ্জে এবং শামীমের বাড়ি ঢাকার বাউনিয়ায়। বুধবার ভোরে র‌্যাব-৪ এর একটি দল রূপনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয় বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান।