২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরাঞ্চলে নারী শিক্ষার মান বাড়াতে প্রকল্প

কুড়িগ্রাম ও জামালপুরের চরাঞ্চলে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকিয়ে তাদের শিক্ষার মান বাড়াতে শুরু হচ্ছে ‘এম্পাওয়ারিং গার্লস থ্রু এডুকেশন (ইজিই)’ প্রকল্প।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 01:01 AM

Updated : 10 Oct 2022, 09:34 PM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাঠপর্যায়ে জরিপ করা শেষে নভেম্বর থেকে গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই পাইলট প্রকল্পটি শুরু করতে যাচ্ছে সেইভ দ্য চিলড্রেন। এতে সহযোগিতা করছে ফ্রেন্ডশিপ। অর্থায়ন করছে হেমপেল ফাউন্ডেশন।

বুধবার রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজনে অনুষ্ঠিত হয় ইজিই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেইভ দ্য চিলড্রেনের শিশু দারিদ্র্য বিভাগের পরিচালক ফ্রেডরিক ক্রিস্টোফার, ফ্রেন্ডশিপ প্রকল্পের নির্বাহী পরিচালক রুনা খান।

‘এম্পাওয়ারিং গার্লস থ্রু এডুকেশন (ইজিই)’ প্রকল্পের পরিচালক শাহীন ইসলাম জানান, প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আনুষঙ্গিক কাজ গুছিয়ে নিয়ে তা শুরু হয় চলতি বছরের জুনে।

ফ্রেন্ডশিপ ও হেমপেলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর তারা রাজারহাট ও মাদারগঞ্জে ১২০টি স্কুলের ৮ হাজার ৭০০ মেয়ে শিক্ষার্থীকে নিয়ে প্রকল্পট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শুরুতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের মেয়াদসীমা ধরা হলেও তা পরে বাড়তে পারে বলে জানান প্রকল্প পরিচালক শাহীন ইসলাম।

তিনি বলেন, প্রাথমিক পর্যায় পেরিয়ে প্রান্তিকের মেয়ে শিক্ষার্থীদের মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে বাধা দূর করা, তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিৎ করতে সরকারের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নে সহযোগিতা করছে ইজিই প্রকল্পটি।

পাশাপাশি বাংলা,ইংরেজি ও গণিত বিষয়গুলোতে মেয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, চতুর্থ  ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করে ই-কন্টেন্ট ব্যবহারে উৎসাহী করতে কাজ করছে ইজিই প্রকল্পটি। ক্লাসরুমের বাইরে নারী শিক্ষার প্রচার ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছেন ইজিই প্রকল্প।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, “আমাদের শিশুদের লেখার অভ্যাস চলে যাচ্ছে। ঠিকমতো রিডিংও পড়তে পারছে না। আমরা যখন তাদের নিয়ে ভাবছি, তখনই এ প্রকল্পের শুরু হল। গুণগত ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিৎ করতে ও কন্যাশিশুদের বাল্য বিবাহ রুখতে সরকার যখন কাজ করছে,তখন তা আমাদের জন্যই আরো সহায়ক হবে। “

রাশেদা কে চৌধুরী বলেন, “শিক্ষা অগ্রগতিতে সরকার যখন নানামুখী কাজ করছে, তখন এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে।  বিশাল এক জনগোষ্ঠী সরকারের মুখ চেয়ে বসে আছে। সরকারের সাথে তাদের লিঙ্ক করিয়ে দেওয়াও তো আমাদের কাজ।”

শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমটি তারা যেন নিরাপদে ব্যবহার করতে পারেন সেজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে বলে নিশ্চিৎ করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক।