অর্জনের কথা লিখলে উৎসাহ পাই: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি করলে তা নিয়ে খবর প্রকাশ করার পাশাপাশি মন্ত্রণালয়ের ‘অর্জনের’ কথা লিখতেও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রেজাউল করিম বলেন, “গণহারে সবাইকে অভিযুক্ত করলে কর্মীদের মনোবল ভেঙে যায়।
“আমি দুর্নীতি করেছি এমন তথ্য পেলে নিউজ করেন। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও ঢালাওভাবে সবাইকে তালিকাভুক্ত করবেন না। আমাদের ত্রুটির কথা যেমন লিখবেন, তেমনি অর্জনের কথাও লিখলে আমরা উৎসাহ বোধ করি।"
তিনি বলেন, “গণপূর্ত অধিদপ্তরে অনেক মেধাবী কর্মকর্তা আছেন যারা অনেক চমৎকার কাজ করে যাচ্ছেন। কিন্তু ছোটখাটো দুর্নীতির ঘটনা এসব অর্জনকে কলঙ্কিত করে।”
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রেজাউল করিম।
সরকার যে কোনো অন্যায় কাজের ‘বিপক্ষে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, "স্পোর্টস ক্লাবে ক্যাসিনো খেলা চলবে না। মাদকের যত্রতত্র ব্যবহার চলবেনা। এসবের সঙ্গে আরও অনেক অনৈতিক কাজের প্রসার ঘটবে। শেখ হাসিনার সরকার কোনোভাবেই এগুলো বরদাশত করবে না। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।"
'বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার' প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সেমিনারে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশিদ জাবিন হোসেন তৌফিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোওয়ারী।
সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, রাজউকের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, এইচবিআরআইয়ের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার বক্তব্য রাখেন।
