২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের প্রশংসায় ডব্লিউআইইএফ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন ওয়ার্ল্ড ইসলামিক ইকনোমিক ফোরাম (ডব্লিউআইইএফ) এবং সাউথ ইস্ট এশিয়ান কো-অপারেশনের (এসইএসিও) প্রতনিধি দলের সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 06:45 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

এই দুই সংগঠনের সাত সদস্যের প্রতিনিধ দল বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডব্লিউআইইএফ-র মহাসচিব আহমাদ ফুজি আবদুল রাজাক।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

কাতারে ২০২০ সালে অনুষ্ঠেয় ডব্লিউআইইএফ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংগঠনের মহাসচিব। একই সঙ্গে ২০২১ সালে ডব্লিউআইইএফ সম্মেলন ঢাকায় আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।

প্রধানমন্ত্রী বিনিয়োগের সুবিধার জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাসহ বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। ডব্লিউআইইএফ ও এসইএসিওর যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের আলোচনার বিষয়গুলো নির্ধারণের প্রশংসা করেন তিনি।

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এরপর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করতে কাতারের আগ্রহের কথা জানান দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ সারিদা আল-কাফি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গত এক দশকে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে কাতারের প্রতিমন্ত্রী বলেছেন, আরও উন্নয়নের জন্য প্রয়োজন আরও জ্বালানি।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে দেখা করে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে কাতার আগ্রহী বলে জানান আল-কাফি।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের উন্নযনে কাতারের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় প্রধানমন্ত্রী তার কাতার সফরের কথা উল্লেখ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব নজিবুর রহমান, বাংলাদেশে নিয়োজিত কাতারের রাষ্ট্রদূত আমমেদ বিন মোহাম্মদ আল-দেহাইমি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গেও বৈঠক করেছেন কাতারের প্রতিমন্ত্রী।