২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার শতাধিক ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন তথ্য চেয়েছে দুদক

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়া ব্যক্তিদের ধরতে বাংলাদেশ ব্যাংকের কাছে চার শতাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 05:53 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

সংস্থাটি বলছে, গত মাসে ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে পুলিশ-র‌্যাবের অভিযানে ক্যাসিনো চালানোর বিষয়টি ধরা পড়ার পর চলমান ‘শুদ্ধি অভিযানের’ অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যন্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে খবর এসেছে।

এগুলোর লেনদেন সংক্রান্ত তথ্য চেয়ে বুধবার দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান বিএফআইইউ’র মহাব্যবস্থাপককে চিঠি পাঠিয়েছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, “চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ, সরকারি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অনুসন্ধান-মামলা চলমান রয়েছে।

“বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সূত্রে জানা যায় যে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলমান দুর্নীতিবিরোধী অভিযান শুরু থেকে এখন পর্যন্ত চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চলমান অনুসন্ধান ও মামলাসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জব্দকৃত হিসাবসমূহের বিবরণীসহ প্রকৃত অর্থ লেনদেন সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা আবশ্যক।”

দুদকের সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে জব্দ করা ওই চার শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিবরণী ও প্রকৃত আর্থিক লেনদেনের তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহ করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছেন দুদক মহাপরিচালক সাঈদ মাহবুব খান।