২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর ডি-এইট সম্মেলন হবে ঢাকায়

দুই দশক পর ঢাকায় অনুষ্ঠিত হবে উন্নয়নশীল আট দেশের জোট ডি-এইটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 12:46 AM

Updated : 10 Oct 2022, 09:33 PM

সফররত ডি-এইটের মহাসচিব জাফর কু শারি আগামী বছর শুরুর দিকে এই সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বলেছেন বলে মঙ্গলবার মন্ত্রণালয় জানিয়েছে।

১৯৯৭ সালের ১৫ জুন উন্নয়নশীল আটটি দেশ ডি-এইট গঠন করে। দেশগুলো হল- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। এর সচিবালয় তুরস্কের ইস্তাম্বুলে।

বৈশ্বিক অর্থনীতিতে সদস্য দেশগুলোর অবস্থান উন্নত করতে অর্থনৈতিক সহযোগিতা, বিকেন্দ্রীকরণ, ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো, জীবন-মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

এটি হবে সংস্থাটির দশম শীর্ষ সম্মেলন। এর আগে ১৯৯৯ সালের শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ।