ঢাকার হাজারীবাগে যুবককে পিটিয়ে হত্যা
ঢাকার হাজারীবাগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতের এই ঘটনায় নিহতের নাম আরিফুল ইসলাম সজল (২২)। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের ছেলে সজল লালবাগের ইসলামবাগে বাবা-মার সঙ্গে থাকতেন।
পুলিশ জানায়, স্থানীয় এক মেয়ের সঙ্গে সজল রাতে রায়েরবাজার ঢালে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় তাদের নিয়ে বাজে মন্তব্য করে ২-৩ জন বখাটে। তার প্রতিবাদ করায় তারা সজলকে পেটায়।
সজলের সঙ্গী মেয়েটি স্থানীয়দের সহায়তায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়; সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও তাকে বাঁচানো যায়নি।
ওই মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সজল ওই বখাটেদের একজনকে চড় মেরেছিলেন। কিছুক্ষণ পর ১০-১২জন এসে সজলকে বেধড়ক পেটায়।
খবর শুনে সজলের বাবা শহিদুল ইসলাম হাসপাতালে ছুটে এসে ছেলেকে মৃত অবস্থায় পান।
সজলের সঙ্গী মেয়েটি তাকে ফোন করেছিল বলে জানান শহিদুল।
তিনি বলেন, সজল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় প্রাইভেট পড়ছিল। সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছিলেন।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কারা হামলা চালিয়েছিল, তা নিশ্চিত হতে পারেনি।
“আমরা তদন্ত করছি,” বলেন তিনি।
