ফের আন্দোলনের হুঁশিয়ারি বুয়েট শিক্ষার্থীদের
মাঠের আন্দোলন থেকে সরে আসার ১৩ দিনেও দাবি পূরণের বিষয়ে প্রশাসনের তৎপরতা দেখছেন না বুয়েট শিক্ষার্থীরা।
ক্লাস-পরীক্ষা বর্জন চালিয়ে যাওয়া এই শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, প্রশাসন তৎপরতা না দেখালে আবার কঠোর অবস্থানে যাবেন তারা।
মঙ্গলবার বিকালে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বুয়েটের শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মাহমুদুর রহমান সায়েম এই হুঁশিয়ারি দেন।
শেরে বাংলা হলে গত ৬ অক্টোবর বুয়েট ছাত্রলীগের এক দল নেতা-কর্মীর নির্যাতনে প্রাণ হারান তড়িৎ কৌশলের শিক্ষার্থী আবরার ফাহাদ। তারপর শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়ে বাংলাদেশে প্রকৌশল শিক্ষার বনেদী এই প্রতিষ্ঠান।
আন্দোলনের মুখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ বেশ কয়েকটি দাবি বুয়েট কর্তৃপক্ষ মেনে নিলে বিক্ষোভ কর্মসূচির ইতি টানে শিক্ষার্থীরা; তবে আবরার হত্যাকাণ্ডের অভিযোগপত্র না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা।
সায়েম বলেন, “আমাদের মাঠ পর্যায়ের আন্দোলন তুলে নেওয়ার আজ ১৩ দিন চলছে। আমরা চাই, প্রশাসন তৎপরতার সঙ্গে বুয়েটের কল্যাণে আমাদের দাবীগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে। আমরা চাই না প্রশাসনে থাকা দায়িত্বশীল ব্যক্তিবর্গ পারস্পরিক দোষারোপ করে কাজের গতি স্থবির করে দিক।
“প্রশাসন সদিচ্ছা পোষণ করলেও তাদের মধ্যে সমন্বয়হীনতা এখনও রয়ে গেছে। সময় ইতোমধ্যে অনেক গড়িয়েছে। প্রশাসন তৎপর হলে এ সময়ের মধ্যেই আরও অনেক অগ্রগতি করতে পারত। আমরা ভিসি স্যারের সাথে আলোচনায় বসতে রাজি আছি। প্রশাসন তৎপর না হলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।”
কী কী দাবি পূরণ হয়নি- তার ব্যাখ্যায় সায়েম বলেন, “আবরার হত্যা মামলার খরচ বুয়েট প্রশাসন দেওয়ার ঘোষণা দিলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আজ পর্যন্ত কেউ যোগাযোগ করেনি।”
শিক্ষার্থীদের আরেকজন বলেন, “আমাদের দাবি ছিল বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। যেহেতু বুয়েটে এটা নিষিদ্ধ করেছে, কিন্তু যারা এটি অমান্য করবে তাদের কী ধরনের শাস্তি প্রদান করা হবে, তা স্পষ্ট করা প্রয়োজন।
“এছাড়া, এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আর যাতে না ঘটে এবং ঘটলে তার শাস্তি কী হবে, সে বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
তিনি বলেন, “এর আগে যেসব শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা ঘটেছে, তাতে জড়িতদের খুঁজে বের করে তাদের ছাত্রত্ব বাতিল করা এবং আহসানউল্লাহ হল ও সোহরাওয়ার্দী হলে পূর্বের ঘটনায় জড়িত সকলের ছাত্রত্ব বাতিল করার দাবি ছিল। কিন্তু এখনও এই ঘটনাগুলোর ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি।”
আবরার হত্যাকাণ্ডের পর ১৬ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের ঘোষণা দিলে আন্দোলনের মাঠ ছাড়েন শিক্ষার্থীরা।
হত্যা মামলার অভিযোগপত্র আগামী মাসেই দেওয়ার আশা করছে পুলিশ।
