ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, এ বছর ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ১৩ দশমিক ২৬ শতাংশ পরীক্ষার্থী।
ভর্তির যোগ্য বিবেচিত এই ১১ হাজার ১৫৮ জনের মধ্যে শেষ পর্যন্ত এক হাজার ৫৬০ জন শিক্ষার্থী বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের বিভিন্ন বিভাগে লেখাপড়া করার সুযোগ পাবেন।
উপার্চায অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, ‘ঘ’ ইউনিটের ভর্তি সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, অনলাইন ভর্তি কমিটির প্রধান অধ্যাপক সুব্রত কুমার মণ্ডল এসময় উপাচার্যের সঙ্গে ছিলেন।
এবার মোট ৯৭ হাজার ৫০৬ জন আবেদনকারীর মধ্যে ৮৪ হাজার ১৭৭ জন গত ২৭ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১৫৮ জন।
২০০ নম্বরের পরীক্ষায় ১৭৯ দশমিক ২০ পেয়ে বিজ্ঞানে প্রথম হয়েছেন সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে পাস করা মো. আহাদ আল আজাদ মুনেম। মানবিকে ১৮০ দশমিক ৬৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আবদুল্লাহ। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭২ দশমিক ৫০ নম্বর পেয়ে সেরা হয়েছেন হলিক্রস কলেজের রোজা শাওয়াল রিজওয়ান।
বিজ্ঞানের ৮ হাজার ৪৮৫ জন, ব্যবসায় শিক্ষার ২ হাজার ১০৪ জন এবং মানবিকের ৫৬৯ জন শিক্ষার্থী ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৯৭টি, ব্যবসায় শিক্ষার জন্য ৪১০টি এবং মানবিকের পরীক্ষার্থীদের জন্য ৫৩টি আসন বরাদ্দ রয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>GHA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
ভর্তির জন্য যোগ্য বিবেচিতরা আগামী ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিষয়ের পছন্দক্রম পূরণ করতে পারবেন।
কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফর্ম সংগ্রহ করে পূরণ করে তা সেখানেই জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ডিন অফিসে আবেদন করা যাবে। নিরীক্ষার ফলাফল আবেদনকারীরা ১৩ নভেম্বরের মধ্যে জানতে পারবেন।
এছাড়া অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
