২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামি নীতিতে পরিবেশ সুরক্ষার পথ খুঁজতে জাকার্তায় এক হচ্ছেন কর্মীরা

মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরান ও হাদিসে পরিবেশ সুরক্ষার বিষয়ে যেসব নির্দেশনা আছে, সেগুলো যুব সমাজকে মনে করিয়ে দিতে এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করার উপায় খুঁজতে এক হচ্ছেন রাজনীতিক, ধর্মীয় নেতা, পরিবেশবিদ, সাংবাদিকসহ এ বিষয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 10:12 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুই দিনব্যাপী সেমিনারে ইসলাম ধর্মাবলম্বীদের পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে পথ খোঁজা হবে।

পরিবেশ সুরক্ষায় কোরান ও হাদিসের নির্দেশনাকে বাস্তরে রূপ দেওয়ার পথ খুঁজতে এই সেমিনার সহায়ক হবে বলে আয়োজকরা আশা করছেন।

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলে এবং ইন্দোনেশিয়ার ওয়াহিদ ফাউন্ডেশন যৌথভাবে এই আয়োজন করছে।

জাকার্তার ডাবলট্রি হোটেলে ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠেয় এই সেমিনারে অংশ নেবেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয় নেতা, পরিবেশবিদ, পরিবেশ আন্দোলনের কর্মী, সংবাদিকসহ প্রায় শখানেক মানুষ।

ওয়াহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ইস্যুতে শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের ভূমিকা ও নির্দেশনা মনে করিয়ে দিতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান প্রজন্মের অনেকে মনে করেন ইসলামি শিক্ষা অর্থই হলো হারাম-হালাল নিয়ে আলোচনা। এর বাইরেও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে ইসলাম শিক্ষা দেয়, তা অনেকেই ভুলে যান।

ইসলাম শুধু মুসলমানদের জন্যই নয়, বরং বিশ্ব মানবতার জন্য কাজ করে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যাকে কৌশলগত ইস্যু হিসেবে সামনে রেখে তরুণদের একটি প্ল্যাটফর্মে আনতে কাজ করবে এই সেমিনার।     

‘মুসলিম রিপ্রেজেন্ট আ মডেল ফর এনভায়রনমেন্ট স্টুয়ার্ডশিপ’ শীর্ষক ওই সেমিনারে মুসলিম তরুণদের উগ্রবাদ ও সহিংসতা থেকে দূরে রেখে পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার কৌশলগত ও উদ্ভাবনী পথ খোঁজার প্রচেষ্টা থাকবে।

ইন্দোনেশিয়ার পরিবেশ ও বন মন্ত্রী সিতি নুরবায়া বাকার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত রাচমাত উইটোলার, ইন্দোনেশিয়ার ইসলামিক সংগঠন নাহদলাতুল উলামার চেয়ারম্যান সাইদ আকিল সিরাজসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা সেমিনারে অংশ নেবেন।

সেমিনারের দ্বিতীয় দিনে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোর পাশাপাশি চারা বিতরণ করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের শেষ নাগাদ পাকিস্তানের করাচিতে এবং আগামী বছর ঢাকায় একই বিষয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে।