২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ধানমণ্ডিতে ভবনে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

ঢাকার ধানমণ্ডিতে বহুতল একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন এক বৃদ্ধা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 10:48 AM

Updated : 10 Oct 2022, 09:32 PM

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডি ৬/এ সড়কে ঈদগাহ মাঠের পাশের ১২ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাহিনীর তিনটি ইউনিট এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, একটি ইন্সুরেন্স কোম্পানি কর্মকর্তা হেমায়েত উল্লাহর ফ্ল্যাটটিতে আগুন লাগে, ওই বাসার এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে।

নিহত বৃদ্ধা ওই ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটের গৃহকর্মী।  তাকে চতুর্থ তলার সিঁড়িতে পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল অগ্নিনির্বাপক বাহিনী, কিন্তু বাঁচানো যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বৃদ্ধাকে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।

সপ্তম তলার ফ্ল্যাটের মালিক একজন চিকিৎসক বলে জানান ধানমণ্ডি থানার এসআই খালেদ আহমেদ। ওই চিকিৎসকের মাও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই খালেদ।

পুলিশ বলছে, আগুন লাগার পর ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দুই বৃদ্ধা, যার একজন মারা যান।

অগ্নিকাণ্ডের সময় হেমায়েত উল্লাহ, তার স্ত্রী এবং এক সন্তান কক্সবাজারে ছিলেন। তার এক সন্তান ছিলেন বাসায়। তিনি নেমে এলেও ঘরে থেকে যান গৃহকর্মী প্রমী।

ফায়ার ব্রিগেডের উপপরিচালক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন নেভানোর সময় ভেতরে একজন আছে জানার পর তারা ভেতরে ঢুকে ৮/৯ বছরের শিশুটিকে উদ্ধার করে।

শিশুটির কোনো সমস্যা হয়নি জানিয়ে আনোয়ার বলেন, “সে ভীত হয়ে পড়েছিল।”

তিনি বলেন, “অভিযানের সময় চারতলা সিঁড়ির কোঠায় একজন বৃদ্ধ মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। প্রমি এবং ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃদ্ধাকে ডাক্তার মৃত ঘোষণা করেন।”

নিহত বৃদ্ধার নাম জানা যায়নি। এসআই খালেদ বলেন, এই বৃদ্ধাকে সবাই খালা বলে ডাকে এবং কেউ কেউ ‘কুটি বুড়ি’ও বলে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আগুনের সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ায় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আরও কয়েকজন সামান্য আহত হন।

অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে।

অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা জানান, হেমায়েত উল্লাহর ফ্ল্যাটটির ভেতরের অংশের পুরোটাই কাঠ দিয়ে নির্মিত। ফলে আগুনে প্রতিটি ঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়।

বাসাটির বসার ঘর, খাবার ঘর, রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে এবং শোবার ২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার ব্রিগেডের উপপরিচালক আনোয়ার বলেন, “প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ওই বাসার শিশু গৃহপরিচারিকা প্রমি আমাদের বলেছে, সে ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত দেখেছে।”