রোহিঙ্গা সঙ্কটে ‘পাশে থাকার প্রতিশ্রুতি’ ইরানের
রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য যা প্রয়োজন, ইরান তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
আজারবাইজানে অষ্টাদশ ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি দেন বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালার সঙ্গেও এদিন আলাদাভাবে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
পরে শহীদুল হক সাংবাদিকদের বলেন, ইরানের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
“এর আগেও তারা রোহিঙ্গাদের সহায়তা করেছে, এই সহায়তা তারা অব্যহতভাবে করে যাবে।”
আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য যা প্রয়োজন, ইরান তা করবে বলেও রুহানি প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান বলে পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আর রোহিঙ্গা সঙ্কটে পাশে থাকায় ইরানের প্রেসিডেন্টকেও প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।
শহীদুল হক বলেন, “মুসলিম উম্মাহর এক হওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, নিজেদের মধ্যকার সংঘাত মিটিয়ে এক হতে পারলে মুসলিম উম্মাহ বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।”
দুই নেতা বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বলে পররাষ্ট্র সচিব জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালার বৈঠকে তাদের দূতাবাস নিয়ে কথা হয়েছে।
“আলজেরিয়া বাংলাদেশে তাদের দূতাবাস পূনরায় চালু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।”
শহীদুল হক বলেন, বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা দেখছেন প্রেসিডেন্ট বেনসালা। এছাড়া দুই দেশের মধ্যে রাজনৈতিকসহ বেশকিছু বিষয়ে ‘সামঞ্জস্য’ রয়েছে বলেও ভাবছেন তিনি।
বাংলাদেশে আবার দূতাবাস চালুর সিদ্ধান্ত নেওয়ায় বৈঠকে আলজেরিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭৪ সালে ন্যাম সম্মেলনে যোগ দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলজেরিয়া সফরের কথাও বৈঠকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
