২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরার হত্যা: এবার সাদাতের জবানবন্দি

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যামামলায় এবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ এস এম নাজমুস সাদাত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2019, 08:56 PM

Updated : 18 Aug 2022, 05:57 PM

তাকে নিয়ে মোট আট আসামি বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

বুয়েটের এই ছাত্রকে গত ১৬ অক্টোবর গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল ডিবি পুলিশ।

পাঁচ দিন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাকে ঢাকার আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

মহানগর হাকিম সারফুজ্জামান আনছারীর তার খাসকামরায় আসামি সাদাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবরার হত্যামামলায় এই পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সাদতকে নিয়ে আটজন স্বীকারোক্তি দিলেন। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।

অন্য সাতজন হলেন- অনিক সরকার, ইফতি মোশাররফ হোসেন সকাল, মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম, মুজাহিদুর রহমান মুজাহিদ, মনিরুজ্জামান মনির ও তাবাখ্খারুল ইসলাম।

আবরার হত্যামামলায় সাদাতও রিমান্ডে  

এছাড়া বুয়েটের শেরেবাংলা হলের একজন নিরাপত্তাকর্মী ও এক ক্যান্টিনবয় সাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন।

গত ৬ অক্টোবর শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে আবরার মারা যাওয়ার পর পালিয়ে গিয়েছিলেন সাদাত। বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের সপ্তদশ ব্যাচের এই শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী ছিলেন।

ওই ব্যাচেরই ছাত্র আবরার হত্যাকাণ্ডের পর তার বাবা যে মামলা করেছেন, তাতে আসামির তালিকায় নাম ছিল সাদাতের।

হত্যাকাণ্ডের ৯ দিন পর দিনাজপুরের বিরামপুরে ধরা পড়েন জয়পুরহাটের কালাই থানার কালাই উত্তরপারার হাফিজুর রহমানের ছেলে সাদাত। তিনি ভারতে পালানোর চেষ্টায় ছিলেন বলে পুলিশ জানায়।

এরপর সাদাতকে ঢাকায় আনার পর আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় ডিবি।