গুলশান হামলার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু
গুলশান হামলার মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আদালতে দুই দিন ধরে জবানবন্দি দেওয়ার পর তাকে জেরা শুরু করেছে আসামি পক্ষের আইনজীবীরা।
সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শেষ করেন পুলিশের কাউন্টার টেররিজমের পরিদর্শক হুমায়ুন কবির। এরপর আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন তাকে জেরা শুরু করেন।
এদিন জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আগামী ২৪ অক্টোবর সময় নির্ধারণ করেন।
তদন্ত কর্মকর্তা কবিরেরর জেরার মধ্য দিয়ে ইতি ঘটবে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম এই হামলার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ। তারপরে হবে আসামিদের আত্মপক্ষ সমর্থন। এরপর যুক্তিতর্ক শেষে শেষে রায়ের পর্যায়ে পৌঁছাবে মামলাটি।
তারপরে হবে আসামিদের আত্মপক্ষ সমর্থন। এরপর যুক্তিতর্ক শেষে শেষে রায়ের পর্যায়ে পৌঁছাবে মামলাটি।
জবানবন্দিতে কবির বলেন, “হলি আর্টিজানে হামলার আগে জঙ্গিরা বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে ২০১৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে জঙ্গিরা গাইবান্ধার বোনারপাড়া বাজার এলাকার কলেজ মোড়ে একটি বাসায় মিটিং করে প্রথমে তারা হলি আর্টিজানে হামলার পরিকল্পনা করে।
“হলি আর্টিজান বেকারি কূটনৈতিক এলাকায় অবস্থিত থাকায় সেখানে হামলা করার পেছনে কারণ ছিল জঙ্গিদের নিজেদের সামর্থ্যের জানান দেওয়া। এছাড়া বিদেশি নাগরিকদের হত্যা করে নৃশংসতার প্রকাশ ঘটনানোর পাশাপাশি তারা এর মাধ্যমে দেশি-বিদেশী গণমাধ্যমে প্রচার করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চেয়েছিল।”
এছাড়া নব্য জেএমবির পরিচয় দিয়ে জঙ্গিরা হলি আর্টিজানে জঙ্গি হামলা করে এই দেশে শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করে তিনি।
(গুলশান হামলার মামলার আসামিদের কয়েকজন)
২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে পাঁচ তরুণের সশস্ত্র হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে জবাই ও গুলি করে হত্যা করা হয়। হামলা ঠেকাতে গিয়ে নিহত হন আরও দুই পুলিশ কর্মকর্তা।
নজিরবিহীন ওই হামলা দেশে জঙ্গিবাদের বিপদজনক বিস্তারের মাত্রা স্পষ্ট করে তোলে। বড় ওই ধাক্কা বাংলাদেশকে বদলে দেয় অনেকখানি।
দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির গত বছরের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
চিহ্নিত বাকি ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা। নিহতদের মধ্যে হামলাকারী ৫ তরুণ রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাজ ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েলও রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, নব্য জেএমবির জঙ্গিরা ছয় মাস ধরে পরিকল্পনা করে ওই হামলা চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল, দেশকে ‘অস্থিতিশীল করা’ এবং বাংলাদেশকে একটি ‘জঙ্গি রাষ্ট্র’ বানানো।
২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
