২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নির্যাতন রোধে ‘উদ্যোগী হতে হবে সবাইকে’

শিশু নির্যাতন রোধে সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে নাগরিকদেরও উদ্যোগী হওয়ার আহ্বান এসেছে এক আলোচনা সভা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2019, 09:50 PM

Updated : 18 Aug 2022, 05:55 PM

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও ব্র্যাক রোববার এই আলোচনা সভার আয়োচজন করে।

শিশু একাডেমি মিলনায়তনে ‘সমতা আমার অধিকার’ শীর্ষক এই আলোচনা সভার পাশাপাশি ছিল সাংস্কৃতিক  অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে বলেন, “সব ধরনের শিশু নির্যাতন রোধে শুধু পুলিশ আর সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না, নাগরিকদেরও জোরালো ভূমিকা রাখতে হবে।”

বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন বলেন, “আমাদের স্লোগান- ছোটরা শুনবে, বড়রা শুনবে। কিন্তু শিশুদের উন্নয়নে যথেষ্ট ভূমিকা আমরা রাখছি না। শিশু অধিকার সপ্তাহ চলছে, কিন্তু গণমাধ্যমগুলোতে তেমন প্রচার পাচ্ছে না।”

ব্র্যাকের জেন্ডার জাস্টিস ডাইভারসিটির পরিচালক আন্না মিনজ বলেন, “আশার কথা, এখন প্রায় শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। আরেকটা গর্বের অর্জন, আমাদের মেয়ে শিশুরা এখন ক্রিকেট-ফুটবল খেলে আন্তর্জাতিক সুনাম অর্জন করছে।”

এর আগে গত মাসে ব্র্যাকের উদ্যোগে ঢাকার ১০টি স্কুলে শিশুদের গল্প লেখা এবং বস্তিবাসী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেই প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে ছিল ব্র্যাক শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অন্যদের মধ্যে অস্ট্রেলিয়া হাই কমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স পেনি মর্টন, বাংলাদেশে ডিএফআইডির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুডিথ হারবার্টসন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ-এর পরিচালক নবনীতা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।