২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুরিয়ারে ঘুষের টাকা: কারা কর্মকর্তার তথ্য চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ত্রীর কাছে ‘ঘুষের টাকা’ পাঠানোর যে অভিযোগ উঠেছে ডিআইজি প্রিজনস (হেডকোয়ার্টার্স) বজলুর রশীদের বিরুদ্ধে, সে বিষয়ে তথ্য চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2019, 12:00 AM

Updated : 08 Apr 2022, 04:50 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান বলছেন, গণমাধ্যমে আসা খবরের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন চাওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। এসে আইজির (প্রিজনস) কাছে তথ্য চেয়েছি। তথ্য-উপাত্ত পাওয়ার পর আমাদের যে বিভাগীয় ব্যবস্থা আছে- সেদিকে যাব।"

গত ৬ অক্টোবর দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ ঘুষের টাকা স্থানান্তর করতে ডিআইজি প্রিজনস (হেডকোয়ার্টার্স) বজলুর রশীদ অভিনব এক পন্থা বেছে নিয়েছেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শতাধিক ধাপে তিনি পাঠিয়েছেন কয়েক কোটি টাকা। টাকা তুলেছেন তার স্ত্রী রাজ্জাকুন নাহার।

এজন্য প্রকৃত ঠিকানা গোপন করে স্ত্রীর নামে সিম তোলা হয়েছে এবং সরাসরি নিজে টাকা না পাঠিয়ে নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে ওই টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয় ওই প্রতিবেদনে।