অস্ত্র মামলার পর অর্থপাচারে ৫ দিনের রিমান্ডে জি কে শামীম
অস্ত্র মামলায় র্যাবের হেফাজতে চার দিনের রিমান্ড শেষে ঠিকাদার জি কে শামীমকে মুদ্রাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
গুলশান থানার অস্ত্র আইনের মামলায় রিমান্ড শেষে শামীমকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।
অন্যদিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শামীমকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু সাঈদ মুদ্রা পাচার আইনের মামলায় শামীমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার কথা জানিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ রকিবুর রহমান জানান, গত ২ অক্টোবর মহানগর হাকিম মোহাম্মদ জসিম অস্ত্র মামলায় চার দিন এবং মানি লন্ডারিং আইনের মামলায় পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন।
যুবলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারি চালিয়ে আসা শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে গত ২০ সেপ্টেম্বর অভিযান চালায় র্যাব। সেখান থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ জব্দ করা হয়।
পরদিন অস্ত্র, মাদক ও মুদ্রা পাচার আইনে তিনটি মামলা করা হয় শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে। প্রথম দফায় অস্ত্র মামলায় পাঁচদিন ও মাদক মামলায় পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় শামীমকে।
পরে অস্ত্র মামলায় আরও চারদিন এবং মুদ্রা পাচার মামলায় পাঁচ দিনের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।
