২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সদরঘাটে নৌকাডুবি

ঢাকার কেরানীগঞ্জের আলম টাওয়ার ঘাট থেকে সদরঘাটের সিমসন ঘাটে আসার পথে একটি নৌকা ডুবেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2019, 12:42 AM

Updated : 18 Aug 2022, 05:53 PM

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে। এর চারজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটুয়াখালীগামী এমভি সুন্দরবন-৯ লঞ্চ ঘাট ছাড়ার সময় পানির তোড়ে নৌকাটি ডুবে যায়।

“বিভিন্ন প্রত্যক্ষদর্শী থেকে জানতে পারি, চারজন যাত্রীকে অন্যান্য নৌকা এসে উদ্ধার করে। মাঝিও সাঁতার কেটে তীরে আসে।”

নৌকাডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মিজানুর বলেন, “কেউ নিখোঁজ আছে, এমন কোনো ব্যক্তির স্বজন এসে আমাদের কাছে দাবি করেননি।”

ডুবুরি, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ উদ্ধার কাজ শুরু করলেও রাতে নৌকাটি তোলা যায়নি।

মিজানুর বলেন, “রাত ১১টার দিকে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ করা হয় । সকালে আবার অভিযান শুরু করা হবে।”