আসুরিক চেতনার বিনাশ করে দেশ গঠনে এগিয়ে আসুন: রাষ্ট্রপতি
অসুর দমন এবং শিষ্টের পালন- দুর্গা পূজার এই শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি জীবন ও সমাজ থেকে অন্যায়-অনাচার দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার রাজধানীতে তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব অসুর দমন ও শিষ্টের পালনের শিক্ষা দেয়। এই চেতনাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায়-অবিচার দূর করতে হবে। আসুরিক চেতনার বিনাশ করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
ছবি: পিআইড
শারদীয়া দুর্গা পূজা পরিদর্শনে রাষ্ট্রপতি হামিদ প্রথমে যান রামকৃষ্ণ মিশনে। সেখানে তাকে স্বাগত জানান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ।
রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সেখানে শাল ও বই উপহার দেওয়া হয়।
পরে রাষ্ট্রপতি ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপে গেলে নৃত্য ও বাদ্যের তালে তালে তাকে স্বাগত জানানো হয়।
ছবি: পিআইড
পরে রাষ্ট্রপতি গুলশান-বনানী পূজা মণ্ডপে যান। সেখানে তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাস। পূজা মণ্ডপে শঙ্খধ্বনির মাধ্যমে রাষ্ট্রপতিকে বরণ করা হয়।
রাষ্ট্রপতি মণ্ডপে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজা কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাড়ু, মোয়া, বিভিন্ন রকম মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
