সত্যপ্রিয় মহাথেরোর চিরপ্রস্থান
বাংলাদেশে বৌদ্ধ ধর্মের তৃতীয় সর্বোচ্চ গুরু, একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো আর নেই।
বৃহস্পতিবার রাত ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রামু কেন্দ্রীয় সীমা বিহারের এই অধ্যক্ষের।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৮৯ বছর বয়সী সত্যপ্রিয়। গত ১৫ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৫০ সালে ভিক্ষু জীবনে আসা সত্যপ্রিয় ২০০৬ সালে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতির দায়িত্ব নেন। এই মহাসভা ২০১৫ সালে তাকে উপ-সংঘরাজ উপাধি দেয়। সমাজসেবায় অবদানের জন্য ২০১৫ সালে তাকে একুশে পদক দেয় সরকার।
সত্যপ্রিয়র মরদেহ রামু কেন্দ্রীয় সীমা বিহারে নিয়ে যাওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তার মরদেহ পেটিকাবদ্ধ করে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
এই বৌদ্ধ ধর্মগুরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শোকবার্তা পাঠিয়েছেন।
