ফুটপাতে বসতে না দিলে কাফন মিছিলের ঘোষণা হকারদের
ঢাকায় উচ্ছেদ হওয়া হকারদের আগামী দুই দিনের মধ্যে ফুটপাতে ব্যবসা করার সুযোগ দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
শুক্র ও শনিবারের মধ্যে এ দাবি পূরণ না হলে রোববার ঢাকার রাস্তায় কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন হকার ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াৎ।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সেকান্দার বলেন, "পুরান ঢাকার হকারদের উচ্ছেদ করার পর তাদের পুনর্বাসন করতে স্থানীয় এমপি থেকে শুরু করে কাউন্সিলদের দ্বারে দ্বারে ঘুরেছি, তারাও আমাদের কান্নার সাথে সুর মিলিয়ে কান্না করেছেন।
"হকারদের দুর্দশা দেখে কান্নাকাটি করলেও আসলে হকারদের ভাগ্যের পরিবর্তনে কোনো যথাযথ পদক্ষেপ তারা নেননি।"
স্থানীয় জনপ্রতিনিধ ও পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, "হকারদের নিয়ে আপনারা আর রাজনীতি করার চেষ্টা করবেন না। হকারদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সংশ্লিষ্ট মহলকে আমরা দুই দিন সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে হকারদের বসতে দেওয়া না হলে সাদা কাপড় গায়ে পরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে হকারা রাস্তায় নেমে বিক্ষোভ করবে।"
উচ্ছেদ হওয়া হকারদের ‘যথাযথভাবে পুনর্বাসন’ করারও দাবি জানান হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আজমত আলী বলেন, "পৃথিবীতে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় হয় না। আমাদেরকেও হকারদের পূনর্বাসনের জন্য আন্দোলন জোরদার করতে হবে। আর হকারদের যদি নির্যাতন করা হয়, তাহলে আন্দোলন তীব্র হবে।"
সিটি করপোরেশনের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা ঘর ভাড়া দিতে পারি না। রোহিঙ্গারাও আমাদের চেয়ে ভাল আছে। হকারদের নরম পেয়েছেন, যে উচ্ছেদ করেন? পারলে রোহিঙ্গাদের উচ্ছেদ করুন। আমাদের ওপর অত্যাচার বন্ধ করে পুনর্বাসন করুন।"
হকার্স ইউনিয়ন কোতোয়ালি শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারি বলেন, "আমরা তিনবার এমপি মহোদয়ের সাথে দেখা করেছি। ওয়ার্ড কাউন্সিলর, পুলিশের ডিসিসহ সকলের কাছে গিয়েছি। সবাই কেবল আশ্বাস দিয়েছে, আমাদের ব্যবসা করার ব্যবস্থা কেউ করল না।"
হকারদের নিয়ে নানা বাহনা করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, "আমরা রুটি-রুজির তাগিদে হকারি করি। আমরা চাই না আমাদের সন্তানরা হকার হোক।
"যারা লুটপাট করে দেশকে খাইতেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয় না। মামলা দেওয়া হচ্ছে হকার-শ্রমিকদের বিরুদ্ধে।"
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে হকারদের নেতা আকতার হোসেন বলেন, "২১ অগাস্ট প্রথমে আপনাকে রক্ষা করেছিল এই হকররা। তারাই আপনার সামনে দাঁড়িয়ে প্রাণপন চেষ্টা করে আপনাকে রক্ষা করেছে। আপনি আমাদের পুনর্বাসনসহ ফুটপাতে বসার ব্যবস্থা করুন।"
