২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবার মানসিকতা না থাকলে ডিএমপিতে থাকা যাবে না: কমিশনার

জনগণকে সেবা দেওয়ার মানসিকতা না থাকলে পুলিশ কর্মকর্তারা ঢাকা মহানগরীতে দায়িত্বে থাকতে পারবেন না বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2019, 05:25 PM

Updated : 10 Oct 2022, 09:28 PM

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন ক্লাবে জুয়া ও মাদকের আখড়া ধরা পড়া নিয়ে আলোচনার মধ্যে মহানগরীর আট থানার ওসি পরিবর্তনের একদিন পর একথা বললেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল ইসলাম, যিনি গেল মাসের মাঝামাঝিতে ঢাকা মহানগর পুলিশ প্রধানের দায়িত্ব নিয়েছেন।

একসঙ্গে আট থানার ওসি বদলির কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “এটা রুটিন ওয়ার্ক। আমরা যখনই মনে করছি যে তাদের চেয়ে বেটার কেউ আছে, যাতে মানুষ ভালো সেবা পাবে, আমরা সেভাবেই চেঞ্জ করছি।”

এ সময় ডিএমপির বিভিন্ন বিভাগে দায়িত্বরত কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “যাদের সেবা করার মানসিকতা নাই তারা ডিএমপিতে থাকতে পারবে।”

গত মাসের মাঝামাঝিতে ঢাকার মতিঝিল এলাকায় বেশ কয়েকটি ক্রীড়া ক্লাবে র‌্যাবের অভিযানে অবৈধভাবে ক্যাসিনো চালানোর ঘটনা ধরা পড়ে। পুলিশের নাকের ডগায় কীভাবে এসব জুয়ার আসর চলছিল, সেই প্রশ্ন তোলেন আওয়ামী লীগ ও এর জোট শরিক দলগুলোর নেতারা।

পুলিশে ‘কালো বিড়াল’ থাকলে চলমান অভিযান সফল হবে না বলে সতর্ক করেন আওয়ামী লীগের জোট শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

এরপর গত ১ অক্টোবর ক্যাসিনোকাণ্ডে আলোচিত মতিঝিল থানাসহ ঢাকার আট থানার ওসিকে বদলে দেয় পুলিশ প্রশাসন। 

মতিঝিল থানার ওসি মো. ওমর ফারুককে থানা থেকে সরিয়ে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে।

একইভাবে মিরপুর মডেল থানার ওসি মো. দাদন ফকিরকে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ এবং কোতোয়ালি থানার ওসি মো. সাহিদুর রহমানকে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

মতিঝিল থানায় ওসির দায়িত্বে আনা হয়েছে কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে। উত্তরা-পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

মিরপুর থানার ওসির দায়িত্বে এসেছেন খিলক্ষেত থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান। আর বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসির দায়িত্ব পেয়েছেন শ্যামপুর থানার ওসি মো. মিজানুর রহমান। আর সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল আলমকে শ্যামপুর থানার ওসির দায়িত্বে পাঠানো হয়েছে।

চাকরি দেওয়ার কথা বলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে পল্টন থানার ওসি মাহমুদুল হককে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়।

তার জায়গায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ভাটারা থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে। আর ভাটারা থানার ওসির দায়িত্ব পেয়েছেন বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামান।