বাজারে গিয়ে পেঁয়াজের হরেক দাম দেখলেন মেয়র খোকন
পলাশী কাঁচাবাজারে গিয়ে একেক দোকানে পেঁয়াজের একেক রকম দাম দেখলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
বাজার ঘুরে তিনি সাংবাদিকদের বলেন, “এই বাজারে কিছু অসঙ্গতি পেয়েছি। পেঁয়াজের মূল্য কোনো ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়তে দেওয়া হবে না। সরকারি নির্ধারিত মূল্যেই দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিক্রেতাদের বিক্রি করতে হবে।”
পেঁয়াজের বাজার লাগামহীন হয়ে ওঠায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি শুরুর পরদিন বুধবার সিটি করপোরেশনের তদারকি দল নিয়ে পলাশী বাজারে যান মেয়র খোকন।
কিছু কিছু দোকানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৮৫ টাকা থেকে ৯০ টাকায়। আবার কিছু দোকানে তা বিক্রি হচ্ছিল ১১০ টাকায়।
দোকান ভেদে পেঁয়াজের বাজারে দামের হেরফের ছিল কেজিতে অন্তত ২৫ টাকা করে।
মেয়রের উপস্থিতি দেখে তড়িঘড়ি করে পেঁয়াজের মূল্য তালিকা সংশোধন করেন কয়েকজন দোকানি; কোনো কোনো ক্ষেত্রে দাম চলে যায় মেয়রের ‘ন্যায্যমূল্যের’ ধারণার চেয়েও অনেক নিচে।
পেঁয়াজের ন্যায্যমূল্য বা নির্ধারিত মূল্য বলতে কী বোঝানো হচ্ছে- মেয়রের কাছে জানতে চেয়েছিলেন কয়েকজন সাংবাদিক।
উত্তরে সাঈদ খোকন বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিদিন মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সর্বশেষ মূল্য অনুায়ী, দেশি পেঁয়াজের মূল্য ৯৬ টাকা থেকে ১০৮ টাকা আজকের জন্য দর বেঁধে দেওয়া হয়েছে। দেশি পেঁয়াজ পাইকারিতে ৮০ টাকা থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি করতে হবে। আমদানি পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি মূল্য ৮০ টাকা থেকে ৯০ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৯৬ টাকা থেকে ১০৮ টাকা।”
পলাশী কাঁচাবাজারের একটি দোকানে টাঙানো পণ্যের মূল্য তালিকা। সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম লেখা ১০০ টাকা। ছবি: আসিফ মাহমুদ অভি
বেলা পৌনে ১২টার দিকে সাঈদ খোকনের নেতৃত্বে পলাশী কাচাবাজার পরিদর্শন করতে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তদারকি দল। তাদের উপস্থিতি টের পেয়েই মূল্য তালিকা পরিবর্তন করতে থাকেন অনেক মুদি দোকানি।
শরীয়তপুর স্টোরে দেশি পেঁয়াজের ক্রয়মূল্য ৮৫ টাকা এবং বিক্রয়মূল্য ৯০ টাকা লেখা হয়। সাত্তার স্টোরে পেঁয়াজের দাম লেখা হয় ৭৫ টাকা। ইসমাইল জেনারেল স্টোরে পেঁয়াজের খুচরা মূল্য লেখা হয় ৭৫ টাকা।
ইসমাইল স্টোরের বিক্রেতা কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকদিনে পেঁয়াজের বাজারে অনেক উত্থান পতন হলেও এক সপ্তাহ আগের কেনা পেঁয়াজই বিক্রি করছেন তিনি। তখন এই পেঁয়াজের ক্রয় মূল্য ছিল ৭০ টাকা। এখন তারা বিক্রি করছেন ৭৫ টাকায়।
হৃদয় স্টোরের পরিচালক হৃদয় বলেন, গত রোববার তিনি প্রতি কেজি ৮০ টাকা করে শ্যাম বাজার থেকে পাইকারিতে পেঁয়াজ কিনেছিলেন। তাই বর্তমানে ৮৫ টাকা দরে সেই পেঁয়াজ বিক্রি করতে পারছেন। তবে এই বাজারের অধিকাংশ দোকানেই ১১০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
মেয়র আসার খবরে মূল্য তালিকা পরিবর্তন করেছিলেন এসব দোকানি। তবে অধিকাংশ দোকানেই প্রতিকেজি ১১০ টাকা মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল।
পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যে পলাশী কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র সাঈদ খোকন। ছবি: আসিফ মাহমুদ অভি
এদিকে পলাশী বাজারের মতো হাতিরপুল কাঁচাবাজারেও দোকান ভেদে পেঁয়াজের দামে হেরফের দেখা গেছে। কেউ কেউ প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি করছিলেন। অনেকে আবার বিক্রি করছিলেন ১০৫ টাকায়।
এই বাজারের মুদি দোকানি মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি পাইকারি বাজার থেকে প্রতি কেজি ১০০ টাকা দরে পেঁয়াজ কিনেছিলেন। তাই ১০৫ টাকায় বিক্রি করে যাচ্ছেন।
সকালে এই বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না টানানোর অপরাধে কয়েকটি দোকানকে জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।
পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যে পলাশী কাঁচাবাজার পরিদর্শন করেন মেয়র সাঈদ খোকন। ছবি: আসিফ মাহমুদ অভি
দরদামে ভারসাম্য ধরে রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পেঁয়াজের খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি।
তবে বাণিজ্য সচিব জাফর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেঁয়াজের বাজারে ভারসাম্য আনতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপকভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বাজারে এর প্রভাবও পড়তে শুরু করেছে। এই পণ্যটির কোনো দাম বেঁধে না দিয়ে তারা সরবরাহ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। ফলে বাজার এমনিতেই কমে আসছে।
