ঘাটে এসে তারা জানলেন টিকেটির দাম দ্বিগুণ
ঢাকার সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার সময় সন্ধ্যা সাড়ে ৬টা। এমভি রফ রফ-৭ লঞ্চে চাঁদপুর যাবেন ফয়সাল হোসেন নামে এক যুবক। সঙ্গে পাঁচ বছর বয়সী শিশু সন্তান। ফয়সাল ১০টাকার একটি নোট কাউন্টারের দিয়ে বললেন, “৫ টাকা ফেরত দিন।”
কাউন্টারে থাকা ব্যক্তি কোনো জবাব না দিয়ে উপরে নোটিস দেখালেন। ফয়সাল কিছু না বুঝে টিকিট নিয়ে লঞ্চ টার্মিনালে ঢুকলেন।
জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “আমাকে ৫ টাকা ফেরত দিল না।”
মঙ্গলবার থেকে টিকেটির দাম বাড়ার বিষয়টি জানলে তিনি হাসি দিয়ে বললেন, “ভাই পড়তে পারিনা তো, ভাবলাম ৫ টাকা বেশি নিয়েছে। কী দরকার ছিল বাড়ানোর?”
একটু পর টার্মিনালে হাজির হলেন মহাসিন নামে মধ্যবয়সী এক ব্যক্তি, তার সঙ্গে তার মা, স্ত্রী-সন্তান স্বজনসহ আটজন।
আটজনের টিকিট কেনার জন্য তিনি কাউন্টারে ৫০ টাকার নোট দিলেন। কাউন্টার থেকে আরও ৩০ টাকা টাকা চাইলে তার কারণ জানতে চান তিনি।
জবাব পেয়ে খানিক অবাক হয়ে বললেন, “১০ টাকা করে!”
সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে প্রতিদিন কেউ যাতায়াত করেন না। অধিকাংশ যাত্রী এক মাস কিংবা দুই মাস কিংবা তার চেয়ে বেশি সময় পর সদরঘাট হয়ে লঞ্চে বাড়ি যাচ্ছেন।
তাই টার্মিনালে ঢোকার টিকেটের দাম ১০ টাকা শুনে সবারই জিজ্ঞাসা, কোন দিন থেকে বাড়ানো হল?
সৈয়দ আহমদ নামে ঝালকাঠির এক ব্যবসায়ী বলেন, “৫ টাকাই ঠিক ছিল।”
৮০ বছর বয়সী মকবুল হোসেন অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “বাড়ালে কী করার আছে।”
প্রতিদিন গড়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল ব্যবহার করে ৩০ হাজার লোক দেশের দক্ষিণাঞ্চলে যান বলে বিআইডব্লিউটিএর হিসাব।
ঢাকা নদী বন্দরের বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এতদিন যাত্রী কল্যাণ ফান্ডে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা জমা পড়ত। আগে যাত্রীদের কাছ থেকে যাত্রী কল্যাণ ফান্ডের জন্য এক টাকা করে নেওয়া হত। মঙ্গলবার থেকে নেওয়া হচ্ছে দুই টাকা করে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের স্বজনদের এবং আহতদের যে সামান্য ক্ষতিপূরণ দেওয়া হয়, তা এই ফান্ডের টাকা থেকে দেওয়া হয়।”
আশুগঞ্জ-ভৈরব, আরিচা শিমুলিয়া, দৌশদিয়া, চিলমারী, ঘোড়াশালসহ দেশের অন্যান্য লঞ্চ টার্মিনাল এ আগের মতো প্রবেশমূল্য পাঁচ টাকায় রয়েছে বলে জানান মিজান।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো সভা করে চুলচেরা বিশ্লেষণের পর টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
১০ টাকার মধ্যে দুই টাকা যাত্রী কল্যাণ তহবিলে জমা হবে এবং বাকি টাকা টার্মিনাল রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে।
প্রবেশ মূল্য দ্বিগুণ করার ফলে যাত্রীদের মধ্যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক বলেন, এই ধরনের ঘটনা এখনও ঘটেনি।
