ক্লাব দেখভালে যুক্ত হতে চায় ক্রীড়া মন্ত্রণালয়
খেলাধুলাভিত্তিক ক্লাবগুলোর কার্যক্রম তদারকিতে বাণিজ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হতে আইন সংশোধনের উদ্যোগ নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ক্রীড়া আয়োজন নিয়ে এক সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান একথা বলেন।
ক্রীড়া কার্যক্রমে স্থবির রাজধানীর নামী-দামী ক্রীড়া ক্লাবগুলোতে অবৈধ জুয়ার আয়োজনের পর সেগুলোকে মন্ত্রলাণয়ের অধীনের আনার উদ্যোগ নেওয়া হবে কিনা তা জানতে চাওয়া তার কাছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্যাসিনোর ঘটনায় ক্রীড়াঙ্গনের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিন্তু এগুলো বাণিজ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকায় তার কিছু করার নেই। আইন অনুযায়ী, তার মন্ত্রণালয় জবাবদিহিতা চাইতেও পারে না।
“আমরা তাদের দুর্নামের ভাগ নেব কিন্তু জবাবদিহিতার মধ্যে আনতে পারব না- এটা হতে পারে না। ক্রীড়া ক্লাবগুলো যেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হয়- এটা আমি আমার পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব।“
১৮ সেপ্টেম্বর মতিঝিল ক্লাবে এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে। একে একে মতিঝিলের বারটি ক্লাবের মধ্যে আটটি ক্লাবে জুয়া খেলার সামগ্রী পায় আইনশৃঙ্খলা বাহিনী।
ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, “এই ক্লাবগুলোর পরিচয় খেলাধুলাকে দিয়েই। এখানে স্পোর্টস জড়িত হলেও আমরা তাদের (ক্লাবগুলো) কাছে জবাবদিহি চাইতে পারব না- এটা হতে পারে না।
“আমরা মনে করি, বাণিজ্য মন্ত্রণালয় বা সমাজকল্যাণ মন্ত্রণালয়- যেই তাদের রেজিস্ট্রেশন দিক- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও তাদেরকে দেখভাল করতে পারবে এমন একটা ‘ক্লজ’ (ধারা) আইনে যুক্ত করা উচিত।”
দেশের স্পোর্টস ফেডারেশনগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকলেও ক্লাবগুলো বাণিজ্য মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। সেজন্য তাদের আয়-ব্যয়ের হিসাবতো দূরের কথা তাদের ক্রীড়া কার্যক্রমেও এই মন্ত্রণালয় হস্তক্ষেপ করতে পারে না।
ক্লাবগুলোর কাজ তদারকিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আইনগতভাবে রাখার সময় এসেছে মন্তব্য প্রতিমন্ত্রী বলেন, “তখন ফেডারেশনকে যেভাবে আমরা যেভাবে সহযোগিতা করি, ক্লাবগুলোকেও সেভাবে সহযোগিতা করতে পারব।”
