২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরডিএর সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

সাড়ে ৫০ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক এক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2019, 04:05 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

মঙ্গলবার কমিশন থেকে এ মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

“শিগগিরই দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।”

মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের যাদেরকে আসামি করা হচ্ছে তারা হলেন- সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ।

এছাড়া অবৈধভাবে প্লট গ্রহিতা মো. এনামুল হক, আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, এসএম খোদেজা নাহার বেগম, মো. রবিউল ইসলাম স্বপন, মো. মাহফুজুল হক ও মো. খায়রুল আলমকেও আসামি করা হচ্ছে।

দুদকের এক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকার আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে নিয়ম বহির্ভূতভাবে গোপনে সিদ্ধান্ত নেন।

জালিয়াতির মাধ্যমে আটটি দরপত্র তৈরি করে তা অনুমোদন করেন এবং দরদাতাদের মধ্যে ৫০ দশমিক ৬৭ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয় বলে দুদকের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এ কারণে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হচ্ছে বলে জানান প্রণব কুমার ভট্টাচার্য্য।