প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিবাদ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বক্তব্য
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনের কিছু তথ্যের প্রতিবাদ জানিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সোমবার এক প্রতিবাদপত্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বলেছে ‘কার নিয়ন্ত্রণে রোহিঙ্গা শিবির?’ শিরোনামে গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে ইউএনএইচসিআর-এর সহযোগিতায় মুক্তি ও প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত লার্নিং সেন্টারে ৩৫০ জন রোহিঙ্গা শিশুকে বাংলা শেখানোর যে তথ্য এসেছে তা ‘সর্ম্পূণরূপে অসত্য এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।
“ইউএনএইচসিআর-এর সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কোনো শিশু শিখন কেন্দ্র পরিচালনা করে না। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ই্উনিসেফ, এইসিআইডি এবং জেপিএফ-এর অর্থায়নে বাড়িভিত্তিক শিখন কেন্দ্র (হোম বেইজড লার্নিং সেন্টার) পরিচালনা করে থাকে, যেখানে একটি কেন্দ্রে শিশুর সংখ্যা সর্বাধিক ৭০ জন।
“শিশু শিখন কেন্দ্রে বাংলা ভাষা শেখানো বা বাংলা ভাষা ব্যবহার করে শিখন কার্যক্রম পরিচালিত হয় না, বরং সরকারি নিয়ম অনুযায়ী এবং এডুকেশন সেক্টরের জিআইইপি গাইডলাইন অনুসরণ করে ইংরেজি ও বার্মিজ ভাষায় পাঠদান করা হয়।
“শিশু শিখন কেন্দ্রে সকালের নাস্তা বা দুপুরের খাবার কোনটিই প্রদান করা হয় না, শুধুমাত্র ডব্লিউএফপি-র সহায়তায় কেন্দ্রগুলোতে এনার্জিদায়ক বিস্কিট প্রদান করা হয়।
“এ ধরনের অসত্য, অমূলক সংবাদ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মত একটি প্রতিষ্ঠিত আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এ ধরনের প্রতিবেদন আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বক্তব্য
জ্যেষ্ঠ সাংবাদিক স্বদেশ রায় সম্প্রতি কক্সবাজারের কুতুপালং ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে যাত্রাপথের চিত্র, আশ্রয়কেন্দ্রগুলোর পরিস্থিতি, রোহিঙ্গাদের ঘিরে এনজিও তৎপরতা এবং ক্যাম্পের ভেতরে অপরাধ প্রবণতার তথ্য নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য ওই প্রতিবেদন লেখেন।
রোহিঙ্গা শিশু এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে তিনি লার্নিং সেন্টারে শিক্ষার্থীর সংখ্যা, শিশুদের বাংলা শেখানো এবং বাচ্চাদের সকালের নাস্তা ও দুপুরের খাবার দেওয়ার কথা জানতে পারেন এবং প্রতিবেদনে সেভাবেই উল্লেখ করেন।
ওই লার্নিং সেন্টারের সামান্য দূরে প্ল্যান ইন্টারন্যাশনালের অফিসে থাকা কর্মীরা যে রোহিঙ্গা শিশুদের বাংলা শেখানোর বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন সে কথাও ওই প্রতিবেদনেই লিখেছেন স্বদেশ রায়।
