মুক্তিযোদ্ধাদের ৩ শ্রেণি করার খসড়া প্রস্তাব
মুক্তিযোদ্ধাদের তিন শ্রেণিতে ভাগ করে এর সংজ্ঞা পুনঃনির্ধারণের খসড়া প্রস্তাব তৈরি করেছে একটি সংসদীয় উপ-কমিটি।
সোমবার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ওই উপ-কমিটি ‘মুক্তিযোদ্ধা ও সহযোদ্ধা’, ‘সহায়ক শক্তি’ এবং ‘ভিকটিমস’- এই তিন শ্রেণিতে মুক্তিযোদ্ধাদের বিভক্ত করে প্রস্তাবটি তৈরি করেছে।
উপ-কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বীরউত্তম সাংবাদিকদের বলেন, "মুক্তিযোদ্ধাদের শ্রেণি বিভাগ বা কোনো মুক্তিযোদ্ধার সংজ্ঞা চূড়ান্ত করা হয়নি। বিষয়টি নিয়ে শিগগিরই কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করা হবে।"
উপ-কমিটির এই প্রতিবেদন নিয়ে স্থায়ী কমিটি আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবে।
শাহজাহান খান নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটিতে সদস্য রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চতুর্থ বৈঠকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরীক্ষা-নিরীক্ষা করে সামঞ্জস্য করার জন্য রফিকুল ইসলামকে প্রধান করে উপ-কমিটি গঠন করা হয়।
ওই কমিটি গত ২৫ জুন বৈঠক করে তিন দফা খসড়া সুপারিশ প্রণয়ন করে। বিশেষ আমন্ত্রণে ওই বৈঠকে স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।
সেদিন বৈঠকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণে তিনটি শ্রেণিবিভাগ করার প্রস্তাব করা হয়।
ফাইল ছবি
এতে মুক্তিযোদ্ধা ও সহযোদ্ধা বলতে যারা মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করতে সহযোগিতা করেছেন তাদেরকে বোঝানো হবে বলে উল্লেখ করা হয়।
সহায়ক শক্তি বলতে যারা মুক্তিযুদ্ধের সময় বিশ্বে জনমত গঠনে সাহায্য করেছেন, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, এমএনএ, এমপি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী, দেশ ও দেশের বাইরে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাপ্রদানকারী মেডিকেল টিমের ডাক্তার, নার্স ও সহকারী প্রভৃতি ব্যক্তি এবং ভিকটিমস বলতে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা নির্যাতিত ব্যক্তি ও বীরাঙ্গনাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়।
ভিয়েতনাম ও ফ্রান্সসহ স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া বিভিন্ন দেশে কীভাবে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, তা জানা প্রয়োজন বলেও বৈঠকের আলোচনায় অভিমত উঠে আসে।
পরে বৈঠকে আলোচিত বিষয়গুলো সুপারিশ আকারে নিয়ে আসা হয়।
মুক্তিযোদ্ধাদের বর্তমান সংজ্ঞায় বলা হয়েছে, যে সব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন ট্রেনিং বা প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন।
এই সংজ্ঞা পুনর্বিবেচনার জন্য সুপারিশ করে কারণ হিসেবে বলা হয়, অনেক মুক্তিযোদ্ধা দেশ ছেড়ে যাননি, দেশের ভেতরে থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আক্রমণ পরিচালনা করেছেন।
এ সম্পর্কিত আগের বৈঠকের সুপারিশের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিতে বলা হয়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮ অনুযায়ী মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ সংশোধনীর লক্ষ্যে যে খসড়া প্রণয়ন করা হয়েছে সেখানেও ট্রাস্ট আইনের ওই সংজ্ঞা গ্রহণ করা হয়েছে।
