পূজার আগে মন্দিরে প্রতিমা ভাংচুরে উদ্বেগ
সরকারের কড়া নিরাপত্তার আশ্বাসের মধ্যেও দুর্গাপূজা সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে গড়া প্রতিমা ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
পূজার আয়োজন নিয়ে সোমবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী সাংবাদিকদের বলেন, সকল পর্যায় থেকে পূজায় সার্বিক নিরাপত্তা দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। ‘কঠোর নিরাপত্তার মধ্যেও’ বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, প্রতি বছর দুর্গোৎসবের আগে দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এবারও টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের বাকজান গ্রামে, সাতক্ষীরার ঘোষ পাড়ায়, ঝালকাঠি সদরের চারুখান গ্রামে, চাঁদপুরের পুরানবাজারের দাসপাড়ায়, গাইবান্ধা সদরের সাহা পাড়ায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার মহেশপুর, দিনাজপুরের বোচাগঞ্জের গাজীপুর, পটুয়াখালী, পঞ্চগড়, নোয়াখালী ও সিরাজগঞ্জে প্রতিমা ভাঙচুর হয়েছে।
এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নির্মল বলেন, “আমরা এখন পর্যন্ত সরকারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করছি। আমাদের আস্থা আছে, সরকার নিরাপত্তার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখবেন না।”
দুর্গোৎসবে সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ বিভাগের সঙ্গে পরিষদের আলোচনা হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর সারা দেশে ৩১ হাজার ৩৯৮টি মণ্ডপে দুর্গা পূজা হবে, যা গতবারের চেয়ে ৪৮৩টি বেশি। রাজধানীতে ২৩৬টিসহ ঢাকায় ৭ হাজার ২৭১টি মণ্ডপে এবার পূজা হবে।
এছাড়া চট্টগ্রামে ৪ হাজার ৪৫৬টি, সিলেটে ২ হাজার ৫৪৫টি, খুলনায় ৪ হাজার ৯৩৬টি, রাজশাহীতে ৩ হাজার ৫১২টি, রংপুরে ৫ হাজার ৩০৫টি, বরিশালে ১ হাজার ৭৪১টি, ময়মনসিংহে ১ হাজার ৬৩২টি মণ্ডপে দুর্গা পূজা এবার অনুষ্ঠিত হবে।
পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধিতে সন্তুষ্টি জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, “মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের নেওয়া সার্বিক নিরাপত্তার বিষয়টির পূজার সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা করেছে। ”
গত ২৮ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে দুর্গোৎসবে আনুষ্ঠানিকতা। ৩ অক্টোবর সন্ধ্যায় হবে দেবী দুর্গার বোধন। ৪ অক্টোবর সন্ধ্যায় দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে পূজার মূল আচার অনুষ্ঠান শুরু হবে।
৫ অক্টোবর সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের পর শুরু হবে মহাসপ্তমী পূজা। ৬ অক্টোবর মহাঅষ্টমী পূজা, সেদিন হবে সন্ধিপূজা । রামকৃষ্ণ মিশন ও মঠে হবে কুমারী পূজা।
৭ অক্টোবর সকাল বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। ৮ অক্টোবর সকালে দর্পন বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
মিলন কান্তি দত্ত সংবাদ সম্মেলনে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে তারা সারা দেশে রাত ১০টার মধ্যে সব প্রতিমা বিসর্জন করার নির্দেশনা দিয়েছেন।
আগামী ৫ অক্টোবর, দুর্গোৎসবের সপ্তমীর দিনে রংপুর-৩ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে চিঠি দিয়ে আসলেও তাতে নির্বাচন কমিশন সায় দেয়নি।
এতে ক্ষোভ জানিয়ে নির্মল কুমার চ্যাটার্জী বলেন, “নির্বাচন পেছানোর জন্য চিঠি দিয়েছিলাম, কিন্তু সায় দেয়নি। তাদের এই বিমাতাসুলভ আচরণে হিন্দু সম্পদ্রায় ক্ষুব্ধ। ”
প্রতি বছর দুর্গা পূজায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি পরীক্ষার তারিখ নির্ধারণ করায় ক্ষোভ আসে এই সংবাদ সম্মেলন থেকে।
এ বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে তিন দিনের সরকারি ছুটি বাড়িয়ে ৫ দিন করায় ধন্যবাদ জানান পূজা উদযাপন পরিষদ।
সংবাদ সম্মেলেন ১২ দফা দাবি উত্থাপন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।
তাদের সে দাবির মধ্যে রয়েছে, দুর্গোৎসবে ৩ দিনের সরকারি ছুটি নির্ধারণ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ণ করা, দুর্গোৎসব উপলক্ষে প্রদত্ত সরকারি সাহায্যকে খয়রাতি না বলে অনুদান হিসেবে বলা।
সারা দেশে বিভিন্ন মন্দিরে উন্নয়ন ও পুনর্নির্মাণ বাবদ সরকারের ২৫২ কোটি টাকার কাজের দ্রুত বাস্তবায়ন, অর্পিত সম্পত্তি ফেরত প্রাপ্তিতে জটিলতা নিরসন করার দাবিও তুলে ধরেন তারা।
