পেশেন্ট কেয়ারের শিক্ষার্থীদের নার্স হিসেবে নিবন্ধন না দেওয়ার আহ্বান
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা ‘পেশেন্ট কেয়ার টেকনোলজি’ কোর্স করেছেন, তাদের নার্স হিসেবে নিবন্ধন না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন-বিএনএ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনের সভাপতি ইসমত আরা পারভীন এ দাবি তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘রুলস অব বিজনেস অ্যালোকেশন’ অনুসরণ না করে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের আইন-বিধান ‘ভঙ্গ করে’ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভিন্ন কোর্স, ভিন্ন নাম, ভিন্ন শিক্ষাগত যোগ্যতা, ভিন্ন কারিকুলাম, ভিন্ন বিভাগ, ভিন্ন নীতিমালার আওতায়, ভিন্ন মেয়াদে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানানোর পরও এসব কোর্স চালু রাখা হয়েছে জানিয়ে ইসমত বলেন, “শিক্ষার সকল ক্ষেত্রে ভিন্নতা থাকা সত্বেও মানহীন ওইসব শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশকৃত ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের মত নিবন্ধনের দাবি করছে।”
আর ‘পেশেন্ট কেয়ার টেকনোলজি’ থেকে পাস করা শিক্ষার্থীদের ওই দাবির কারণে নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে প্রশিক্ষিতদের নিবন্ধন পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
ইসমত আরা বলেন, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের সনদকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির সমান মর্যাদায় নিবন্ধন দেওয়া হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ‘হুমকির মুখে পড়বে’।
এই জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন থেকে।
অন্যদের মধ্যে বিএনএ মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা, সংগঠনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি জরিনা বেগম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
