ঢাকায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, বন্ধু আহত
রাজধানীর গুলশান থানার শাহাজাদপুর এলাকায় মটরসাইকেলে বাসের ধাক্কায় একজন নিহত এবং তার এক বন্ধু-সহকর্মী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় নিহত কবির হোসেন (২৭) এবং আহত শাহপরান (২৩) মাসকো গ্রুপ নামে একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপার ভাইজার ছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে কবিরকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
আহত শাহ পরান সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় মটরসাইকেলে করে তারা কুড়িল বিশ্বরোড এলাকায় যাওয়ার পথে শাহাজাদপুরে পেছন থেকে অনাবিল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের পাশের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
পরির্দশক বাচ্চু মিয়া জানান, চাঁদপুর জেলার মতলব উত্তর বড় হাওলাদিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির। পরিবার নিয়ে মিরপুর ১ নম্বর এলাকায় থাকতেন তিনি।
দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়েছেন জানিয়ে গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, “বাসের নম্বর পেয়েছি, খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।”
