ফারইস্ট ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে
ঘোষিত আয়ের বাইরে ছয় কোটি ৪৩ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশন সভায় ওই সিদ্ধান্ত হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্যাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারকে আসামি করে শিগগিরই মামলা করা হবে বলে জানান প্রনব।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, হেমায়েত উল্যাহ ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করে ‘অবৈধভাবে’ সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদকে বৈধ করতে গৃহিনী ফরিদার নামে আয়কর নথি খুলে মৎস্য চাষ, গবাদি পশু পালন ও দুধ বিক্রি বাবদ আয় দেখিয়েছেন তিনি।
২০০৪-০৫ করবর্ষ থেকে ২০১৭-১৮ করবর্ষে ফরিদার আয়কর নথি বিশ্লেষণ করে ছয় কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫৪৮ টাকার ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের’ তথ্য পাওয়া গেছে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মামলায় ফরিদা আক্তারকে প্রধান আসামি এবং তার স্বামী হেমায়েত উল্যাহকে ‘অবৈধ সম্পদ অর্জনে সহায়তাকারী’ হিসেবে উল্লেখ করা হবে বলে দুদক কর্মকর্তা প্রনব জানান।
