রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানী খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের সাঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
বুধবার রাত ২টার দিকে নার্দ্দারপাড় বাসস্ট্যান্ড এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার এসআই মোহাম্মদ রুহুলের ভাষ্য।
নিহতের নাম তৌহিদ এবং বয়স ৩৫ বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নার্দ্দারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই হচ্ছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় গুলিবিদ্ধ হয় তৌহিদ।”
ভোর ৪টার দিকে তৌহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এসআই রুহুল জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন ছিল বলে হাসপাতালের নথিতে উল্লেখ করা হয়েছে।
