বারডেমে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
ঢাকার বারডেম হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা।
ঢাকার শাহবাগের হাসপাতালটিতে মারা যাওয়া ওই রোগীর নাম মনিরা হাসনাইন (৪৭)। গত ১৮ সেপ্টেম্বর নরসিংদী থেকে অসুস্থ অবস্থায় এনে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, ডায়বেটিসজনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৬ সেপ্টেম্বর বিকালে মনিরাকে প্রথমে নরসিংদী ডায়বেটিক হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে পাঠানো হয় বারডেমে।
মনিরার ছোট ভাই মাহমুদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে ভর্তির পর হাসপাতালেই তার ইসিজি করা হয়। কিন্তু জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কাছে আমরা ইসিজির ফল কেমন হয়েছে জানতে চাইলেও তিনি বলেননি।
“আপার জন্য প্রয়োজনীয় কিছু না করেই তাকে হাসপাতালের দশম তলায় চক্ষু বিভাগের অত্যন্ত নিম্ন মানের একটি ওয়ার্ডে নিয়ে যেতে বলেন তিনি। যেখানে ফ্যানও ছিল নষ্ট। ওয়ার্ডে একজন কর্তব্যরত চিকিৎসক ও একজন নার্স থাকলেও তারা রোগীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করছিলেন না। বেশ কয়েকবার তাগাদা দেওয়ার পর নার্স এসে রোগীর হাতে আগে থেকেই লাগানো স্যালাইনটি চালু করে দেন।”
এর কিছু সময় পর চিকিৎসকরা রোগীকে আইসিইউতে ভর্তি করাতে বলেন বলে জানান মাহমুদ। কিন্তু তাদের হাসপাতালে আইসিইউ ফাঁকা ছিল না।
“ভোররাতেই হাসপাতালে ছুটে গিয়ে দেখি আমার বোন মারা গেছেন। আমরা জানি তাকে ফিরে পাব না। কিন্তু এই ঘটনার বিচার চাই যেন আর কারো পরিবারের সদস্য এভাবে মারা না যান,” বলেন মাহমুদ।
মনিরা হাসনাইনের ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সিফাত উজ জামান বলেন, “বারডেম হাসপাতালের প্রতি আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ ওই রাতে কর্মরত দুই চিকিৎসকের বিরুদ্ধে। কর্তব্যরত চিকিৎসকেরা আন্তরিক হলে আমার আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরতে পারতেন।”
মনিরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিকারা গ্রামের শওকত উজ জামানের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসকদের অবহেলার বিষয়ে জানতে চাইলে বারডেম হাসপাতালের পরিচালক (হাসপাতাল) শহীদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনও ঘটনাটির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
