ইউজিসি সচিব খালেদ দুর্নীতির অভিযোগে ‘ওএসডি’
দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত হয়েছে।
ইউজিসির সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, গত এপ্রিলে ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার কমিটিতে ছিলেন মো. খালেদ। তার মেয়ে যে পরীক্ষার্থী ছিলেন, তা তিনি কমিশনকে অবহিত করেননি।
বিষয়টি জানাজানি হলে একটি তদন্ত কমিটি করে ইউজিসি। সেই তদন্তে নিয়োগ পরীক্ষায় তার প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া যায়।
এই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার কমিশন সভায় খালেদকে ওএসডি করার সিদ্ধান্ত হয় বলে জানান ওই কর্মকর্তা।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ওই সভায় কমিশন সদস্য অধ্যাপক মো. আখতার হোসেন, অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী, অধ্যাপক দিল আফরোজা বেগম,অধ্যাপক মুহাম্মদ আলমগীর, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মো. খালেদের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
