২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যমান আইনের প্রয়োগেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব: অর্থমন্ত্রী

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিতে বিশ্ব ব্যাংকের তাগিদের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ করলেও সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে কমিয়ে আনা সম্ভব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 12:27 AM

Updated : 18 Aug 2022, 05:50 PM

সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকার কাজ করবে বলেও জানান।

মঙ্গলবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ‘সবার জন্য নিরাপদ সড়ক’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।

এই অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শেফার,  জাতিসংঘ মহাসচিবের সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত জ্যঁ টডট, বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন বক্তব্য রাখেন।

বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতিবছর ১৩ লাখ ৫০ হাজার লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। এরমধ্যে এক চতুর্থাংশই মারা যাচ্ছে শুধু দক্ষিণ এশিয়ায়।

বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শেফার বলেন, অনিরাপদ সড়কের কারণে এভাবে বিপুল সংখ্যক লোক মারা গেলে একটি দেশের প্রবৃদ্ধির ক্ষতি হতে পারে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধের এখনই সময় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত টডট বলেন, বাংলাদেশের ৫ থেকে ১৪ বছরের শিশু মৃত্যুর বড় একটি কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও সড়ক দুর্ঘটনায় নিহতদের ৬৭ শতাংশই ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষ। এসব মানুষ অসময়ে মারা যাওয়াতে মানব সম্পদের ও অর্থনৈতিকভাবে অপূরণীয় ক্ষতি হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, “আমাদের প্রয়োজনীয় আইন ও বিধি বিধান রয়েছে। আমরা যদি ওই আইনগুলোর কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে সড়ক দুর্ঘটনা অবশ্যই কমে আসবে।”

এক্ষেত্রে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মুস্তফা কামাল বলেন, গত ১০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার দেশে চাহিদা অনুযায়ী ২১ হাজার কিলোমিটারের বেশি জাতীয় এবং আঞ্চলিক এবং জেলা মহাসড়ক তৈরি করেছে।

“এখন আমাদের মান বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে। আমি নিশ্চিত, আমরা উদ্যোগ নিলে প্রতিদিন অনেক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।”

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম পুলিশের প্রতিবেদন তুলে ধরে বলেন,  বাংলাদেশ বছরে গড়ে ২ হাজার ৫০০টি সড়ক দুর্ঘটনা হচ্ছে। এসব দুর্ঘটনায় গড়ে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।