হামলাকারীদের শাস্তি দাবি ঢাবি সাংবাদিক সমিতির
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক আক্রান্তের ঘটনায় ছাত্রলীগের জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
মঙ্গলবার সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম এক বিবৃতিতে বলেন, তা না করলে সাংবাদিকরা কঠোর কর্মসূচিতে যাবে।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের উপর ছাত্রলীগকর্মীদের হামলার ঘটনা ঘটে। তখন দায়িত্ব পালনরত তিন সাংবাদিকও আক্রান্ত হন।
পরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সমিতির নেতাদের বিবৃতিতে বলা হয়, “কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় সনজিত চন্দ্র দাসের অনুসারীরা। এসময় পেশাগত দায়িত্ব পালনকলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য আনিসুর রহমান। তিনি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। নিজের পরিচয় দেওয়ার পরও তাকে মারধর ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
“বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির সামনেই এ হামলা চালান তার অনুসারীরা। একই ঘটনায় বিজনেস বাংলাদেশের নুরুল আফসার মুন্না ও প্রতিদিনের সংবাদের রাহাতুল ইসলাম রাফিও মারধরের শিকার হয়েছেন।”
আশ্বাসের পর ছাত্রলীগের কোনো ব্যবস্থা না দেখে ক্ষোভ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “উপরন্তু দায়সারাভাবে বিবৃতি দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।”
