জাবি ভিসির পদত্যাগের দাবিতে কর্মসূচি চলছেই
ক্যাম্পাসের ‘সুষ্ঠু পরিবেশ রক্ষায়’ উপাচার্য ফারজানা ইসলামকে পদত্যাগের আহ্বান জানিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি পালন করেন তারা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কালো পতাকা হাতে নিয়ে বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা উপাচার্যকে ‘স্বৈরাচারী’ আখ্যায়িত করে তাকে বেঁধে দেওয়া সময় ১ অক্টোবরের মধ্যে পদ থেকে সরে যেতে আহ্বান জানান। নইলে আন্দোলনের মাধ্যমে তাকে পদ থেকে নামতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।
পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় এখন একটি কলঙ্কময় সময় পার করছে। উপাচার্য আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা কেন আন্দোলন করছি? বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদটি যখন কলঙ্কিত হয় তখন আন্দোলন ছাড়া উপায় কী? পদ ও ক্ষমতার চর্চা করে আপনি স্বৈরাচার হয়ে গেছেন। গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী আচরণ করে আপনি টিকে থাকতে পারবেন না।
“আপনি পদত্যাগ করে আমাদের বাঁচান, নিজে বাঁচুন, বিশ্ববিদ্যালয়কে বাঁচান। অন্যথায় ১ অক্টোবরের পরে আপনাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।”
কালো পতাকা প্রদর্শন শেষে উপাচার্যের পদত্যাগের দাবিতে আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের অন্যতম মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
তিনি বলেন, “বুধবার দুপুরে উপাচার্যকে তিরস্কার করে মানববন্ধন কর্মসূচি এবং বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।”
কর্মসূচিতে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক জাকির হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, ইনস্টিটউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ফজলুল করীম পাটোয়ারী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক তারেক রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম।
ছাত্র সংগঠনগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা অংশ নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন গত মাসে।
এর মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উপাচার্য ফারজানার কাছে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে।
এর পরিপ্রেক্ষিতে ওই দুজনকে সরতে হলেও তারা অভিযোগ অস্বীকার করে উল্টো অধ্যাপক ফারজানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাদের তিনি অর্থ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এই পরিপ্রেক্ষিতে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার তদন্তের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে উপাচার্য ফারজানা ইসলাম আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসলেও জানান, কারও দাবির মুখে তিনি পদত্যাগ করবেন না।
