সড়কে শৃঙ্খলা আনতে অভিযান শিগগির: মেয়র খোকন
অবৈধ যান চলাচল বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করতে শিগগিরই অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার নগর ভবনে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে গঠিত কমিটির ১২তম সভা শেষে তিনি এ ঘোষণা দেন ।
সাঈদ খোকন বলেন, সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ফুটপাত দখলমুক্ত করতেও অভিযান চলমান থাকবে।
“গুলিস্তান, মতিঝিল ও নিউ মার্কেট এলাকায় যেসব ফুটপাত দখলমুক্ত করা হয়েছে সেগুলো স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
ফুটপাতের স্থায়ী অবৈধ স্থাপনাগুলোও ভাঙার হুঁশিয়ারি দিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, “রাজউক থেকে অনুমতি নেওয়ার পরও অনেকেই ভবনের কিছু অংশ ফুটপাতে নিয়ে গেছেন।
“এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজউকের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
সভায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
