পিছলা খেয়ে আমার উত্তরের মেয়রের পা-টাই ভেঙেছে: প্রধানমন্ত্রী
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই মেয়রের কর্মতৎপরতার বিবরণ দিতে গিয়ে এই কার্যক্রমে নেমে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের পড়ে পা ভাঙার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে ডেঙ্গু থেকে দেশবাসীকে রক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এইডিস মশার প্রজনন কীভাবে বন্ধ করা যায় এবং কীভাবে লার্ভার উৎপাদন বন্ধ করা যায় সে দিকে নজর দেওয়া হচ্ছে।
“দক্ষিণের মেয়র সিঙ্গাপুরে গিয়ে দেখে এসেছে। আর উত্তরের মেয়র বেচারা, ঘরে ঘরে কোথায় এই ধরনের ময়লা আবর্জনা আছে কি না দেখতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গিয়ে তার পা টাই ভেঙে গেছে।”
অগাস্টে ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার বিরুদ্ধে চিরুণি অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, সে সময় পড়ে গিয়ে পা মচকে যায় মেয়র আতিকের
তিনি বলেন, “হয়েছে বিত্তশালীর বাড়িতে, সাধারণ মানুষের বাড়িতে হয়নি। তারা উপর দিয়ে ফিটফাট ভেতরে সদরঘাট। একদিকে দামি দামি গাড়ি, চকচকে বাড়ি ভেতরে গেলে ময়লা-আবর্জনা। পিছলা খেয়ে আমার উত্তরের মেয়রের পা ভেঙে গেছে।
“আজকে এসেছিল আমার কাছে। আমি বলেছি, ভাই কোথায় গিয়ে পা ভাঙল? বলে বেশ একজন বিশাল বিত্তশালীর বাড়িতে গিয়েই আমার পা টা ভাঙলাম। এই হলো অবস্থা। বারবার সবাইকে আহ্বান করেছি- এটা খালি সরকার ঠেকাবে কেন, যার যার বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই মশার লার্ভাটা যেন না হয় সেই ব্যবস্থা করা। নিজেকে নিজে সুরক্ষিত করতে হবে।”
