মানুষ যেন যন্ত্র না হয়: তথ্যমন্ত্রী
যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে মানুষের মধ্যে যান্ত্রিকতা এড়াতে সংস্কৃতি চর্চার উপর জোর দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “আজকে ক্রমাগত যন্ত্রের ব্যবহারের সাথে সাথে মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে। মানুষ ক্রমাগতভাবে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে, মানুষ পরিবার-পরিজন বা সমাজ নিয়ে ভাবে না। এই প্রেক্ষাপটে মানুষের মানবিকতা যে লোপ পাচ্ছে। মানুষ যে যন্ত্রের মতো আচরণ করছে, এটি মানুষের জন্য শুভ নয়।
“মানুষ যাতে যন্ত্র না হয়, মানুষ থাকে এইক্ষেত্রে কবিতা এবং কবিতা আবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আবৃত্তি একাডেমির ২১ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত আসক্তি আমাদের পুরো সমাজ বিশেষ করে আমাদের তরুণ সমাজকে অনেক ভালো কাজ থেকে বিরত রাখছে।
“সামাজিক যোগাযোগ মাধ্যম খারাপ, সেটা আমি বলছি না। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম একবিংশ শতাব্দীর বাস্তবতা এবং এটি মানুষের মত প্রকাশের যে দুয়ার, সেটিকে অবারিত করেছে। কিন্তু তার মধ্যে সারাক্ষণ নিবিষ্ট হয়ে থাকা, সেটা কখনও ভালো না।”
অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন অধিকারীর হাতে আবৃত্তি একাডেমি পদক ও পুরস্কারের অর্থ তুলে দেন হাছান মাহমুদ।
এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে দুদিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন।
আবৃত্তি একাডেমির পরিচালক মৃন্ময় মিজানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।
