২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলার আসামি পুলিশ কর্মকর্তা বদরুল বরখাস্ত

দুর্নীতি মামলায় কারাগারে থাকা হাইওয়ে পুলিশের এক সহকারী পুলিশ সুপারকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2019, 05:36 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার এস এম বদরুল আলমকে বরখাস্তের কথা জানানো হয়।

সেখানে বলা হয়, “এস এম বদরুল আলমকে বিধি মোতাবেক ১৭ জুলাই তারিখ হইতে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এস এম বদরুল আলম যশোরের ঝিকরগাছা থানার ওসির দায়িত্বে থাকাকালে ২০০৯ সালের ৪ মে তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিস দেয় দুদক। 

কিন্তু তিনি নির্ধারিত সময়ে হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্বন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হোসেন ওই বছর ৮ সেপ্টম্বর বদরুল আলমের বিরুদ্ধে মামলা করেন।

মামলা হওয়ার পর বদরুল আলম হাই কোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন নেন। এরপর ২০১৪ সালের ১৬ জুন হাই কোর্ট একটি রুল জারি করে এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

সেই রুলের ওপর শুনানি শেষে ২০১৬ সালের ২৬ জুলাই হাই কোর্ট তা খারিজ করে দিলে মামলার বিচার শুরুর বাধা কাটে।

এরপর বদরুল আলম ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে গত ১৭ জুলাই বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর থেকে ফরিদপুর জেলা কারাগারে রয়েছেন পুলিশ কর্মকর্তা বদরুল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে বদরুল পুলিশ সদরদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

পুরনো খবর:

ফরিদপুরে দুদকের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে